'শত্রুভাবাপন্ন পদক্ষেপ' হতে পারে শঙ্কায় কানাডা-ইইউ সম্পর্ক নিয়ে ট্রাম্পের অগ্রিম হুমকি

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২: ৩৪
কানাডা-ইইউ সম্ভাব্য সম্পর্ক নিয়ে অগ্রিম হুমকি দিলেন ট্রাম্প। ছবি: সংগৃহীত
কানাডা-ইইউ সম্ভাব্য সম্পর্ক নিয়ে অগ্রিম হুমকি দিলেন ট্রাম্প। ছবি: সংগৃহীত

কানাডাকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রথম ‘সহযোগী সদস্য’ করার দুয়ার উন্মুক্ত বলে জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন। ইইউ’র এই পদক্ষেপ মোটেও ভালোভাবে নেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইইউ’র উপর ‘ভারী শুল্ক’ চাপানোর হুমকি দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যসম্পর্কে টানাপোড়েনের মধ্যে ইইউ’র সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার পথে এগোচ্ছে কানাডা। ইউরোপীয় কমিশনের প্রধান বলেছেন, ‘প্রকাশ্য শত্রুভাবাপন্ন এই বিশ্বে’ মিত্রদের মধ্যে নতুন সম্পর্ক গড়ে তোলার অংশ হিসেবে তিনি কানাডার জন্য এই পদক্ষেপ নিতে চান।

কানাডা-ইইউ’র এই নতুন সম্পর্ক নিয়ে বুধবার (১৬ সেপ্টেম্বর) ট্রাম্প বলেন, কানাডার সঙ্গে কোনো নতুন চুক্তিকে যদি তিনি 'শত্রুভাবাপন্ন পদক্ষেপ' বলে মনে করেন, তবে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের ওপর 'ভারী শুল্ক' আরোপ করতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, ‘ইউরোপের উদ্দেশ্য যদি ভালো হয়, তবে ঠিক আছে। কিন্তু তাদের উদ্দেশ্য যদি খারাপ হয়, তবে আমরা ইউরোপের ওপর খুব ভারী শুল্ক বসাব, আর এটার সম্ভাবনা আছে।’

যদিও গত বুধবারই ফন ডার লেইন জোর দিয়ে বলেন, কানাডার সঙ্গে একজোট হওয়ার এই সিদ্ধান্ত ‘অন্য কারো বিরুদ্ধে কোনো অংশীদারিত্ব নয়, বরং নিজেদের সম্মিলিত শক্তি বৃদ্ধির প্রয়াস।’

গত এক বছর ধরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আরোপিত শুল্কের ধাক্কা ইউরোপীয় ইউনিয়নকেও পোহাতে হয়েছে। অন্যদিকে কানাডা বর্তমানে এর সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার যুক্তরাষ্ট্রের সঙ্গে এক বাণিজ্যিক যুদ্ধে জড়িয়ে পড়েছে। যা দেশটিকে ইইউ’র সঙ্গে সম্পর্ক আরও জোরালো করার তাগিদ দিয়েছে।

ট্রাম্প বারবার কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য বানানোর কথা বলেছেন। জবাবে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সরাসরি তা প্রত্যাখ্যান করেছেন।

ট্রাম্প প্রশাসন কানাডার বেশিরভাগ সাধারণ পণ্যের ওপর ২৫% সার্বিক শুল্ক এবং তেল ও জ্বালানি সম্পদের ওপর ১০% শুল্ক আরোপ করেছে। এছাড়াও কানাডার স্টিল, অ্যালুমিনিয়াম, গাড়ি ও নির্দিষ্ট কিছু পণ্যের ওপর বিশেষ পদক্ষেপ হিসেবে সর্বোচ্চ ৫০% পর্যন্ত শুল্ক বসানো হয়েছে।

এই পরিস্থিতিতে ফরাসি শহর স্ট্রাসবার্গে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইনের ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডার প্রধানমন্ত্রী। সেখানে ফন ডার লেইন মন্তব্য করেন,‘বর্তমান বাস্তবতায় আমাদের অবশ্যই নতুন করে অংশীদারিত্ব গড়ে তুলতে হবে এবং নিজেদের গণতান্ত্রিক সুরক্ষা নিশ্চিত করতে বৈশ্বিক জোট গঠন করতে হবে। সংক্ষেপে বলতে গেলে, আমরা কানাডার সঙ্গে সম্পর্ককে সম্ভাব্য সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে চাই।’

অন্যদিকে, কার্নিও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী। গত রবিবার তিনি জানান, কানাডা বর্তমানে ইইউ-এর সঙ্গে এক অনন্য ও বিশেষ সামরিক-অর্থনৈতিক জোট গঠনের লক্ষ্যে কাজ করছে।

এখন কানাডার এই ‘সহযোগী সদস্যপদ’ এর অন্তর্ভুক্ত শর্ত ও সুবিধাগুলো ঠিক কী হতে পারে—কিংবা ইইউ-এর সব সদস্য রাষ্ট্র এই পরিকল্পনাকে সমর্থন করবে কি না—তা এখনো স্পষ্ট নয়।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত