বিশ্বকাপের নক্ষত্র–১৬

‘ফ্লপ’ তকমা ঘুচিয়ে বিশ্বসেরার মুকুটে দেম্বেলের প্রত্যাবর্তন

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৩১ মে ২০২৬, ২১: ৫৮
উসমান দেম্বেল। সংগৃহীত ছবি

ফুটবল মাঠে গতির ঝলক আর পায়ের কারুকাজ সব সময়ই দর্শকদের মুগ্ধ করে। উইং দিয়ে ডিফেন্ডারদের বোকা বানিয়ে বক্সে ঢুকে পড়ার দৃশ্য গ্যালারিতে উন্মাদনা ছড়ায়। বর্তমান ফুটবল বিশ্বে এই জাদুকরী দক্ষতার কথা উঠলে উসমান দেম্বেলের নাম প্রথম সারিতে চলে আসে। তাঁকে আধুনিক ফুটবলের অন্যতম সেরা ‘উইং উইজার্ড’ বলা হয়।

মাঠের ডান বা বাঁ, দুই প্রান্তেই সমান দক্ষ। ড্রিবলিং, নিখুঁত ক্রসিং এবং জোরালো শটে প্রতিপক্ষের ডিফেন্স লাইনকে চ্যালেঞ্জ জানাতে তাঁর জুড়ি মেলা ভার।

ব্যালন ডি'অর হাতে দেম্বেলে। ছবি: বিবিসি
ব্যালন ডি'অর হাতে দেম্বেলে। ছবি: বিবিসি

২৯ বছর বয়সী দেম্বেলে সাধারণত রাইট উইঙ্গার হিসেবে খেলেন। বর্তমানে ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট-জার্মেইয়ের (পিএসজি) হয়ে ১০ নম্বর জার্সিতে মাঠ মাতাচ্ছেন।

পিএসজি কোচ লুইস এনরিকে বলেন, ও একেবারেই ভিন্ন ধাঁচের খেলোয়াড়। অনায়াসে দুই-চারজনকে ড্রিবল করে বোকা বানাতে পারে। তাঁর এই ক্ষমতার কারণেই সে প্রচুর গোল ও অ্যাসিস্ট করতে পারে।

ট্রফি ক্যাবিনেট, অর্জন ও পরিসংখ্যান

খুব কম বয়সে ২০১৮ সালে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন দেম্বেলে। স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে তিনবার লা লিগা জিতেছেন। ফরাসি ক্লাব পিএসজির হয়ে লিগ ওয়ান শিরোপা জয়ের রেকর্ড গড়েছেন। পিএসজির হয়ে টানা দুইবার জিতেছেন চ্যাম্পিয়নস লিগের ট্রফি। ২০২৪-২৫ মৌসুমে পারফরম্যান্সের জন্য জিতেছেন ব্যালন ডি'অর।

বার্সেলোনা ও পিএসজির জার্সিতে দেম্বেলে। সংগৃহীত ছবি
বার্সেলোনা ও পিএসজির জার্সিতে দেম্বেলে। সংগৃহীত ছবি

আন্তর্জাতিক মঞ্চে ফ্রান্সের হয়ে ৫৮ ম্যাচে করেছেন ৭ গোল। বার্সেলোনার হয়ে ১৮৫ ম্যাচে তাঁর ঝুলিতে রয়েছে ৪০ গোল এবং ৪২ অ্যাসিস্ট। পিএসজির হয়ে ১৩৫ ম্যাচে করেছেন ৬১ গোল ও ৪২ অ্যাসিস্ট।

বিশ্বকাপ ইতিহাস ও ২০২৬ আসরের মিশন

২০১৮ বিশ্বকাপে ফ্রান্সের কাপজয়ী স্কোয়াডের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তরুণ দেম্বেলে। তখন তাঁর বয়স ছিল মাত্র ২১ বছর। ২০২২ বিশ্বকাপে ইনজুরি থেকে ফিরে এসে খেলেছেন দারুণ সব ম্যাচ। ফ্রান্স রানার্সআপ হলেও দেম্বেলের পারফরম্যান্স দর্শকদের মন জয় করে নিয়েছিল।

২০২৬ বিশ্বকাপ দেম্বেলের ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ। এমবাপ্পে ও চুয়ামেনিদের মতো তারকাদের সঙ্গে নিয়ে মাঠে নামবেন। বিশ্বমঞ্চে ফ্রান্সকে আবারও বিশ্বচ্যাম্পিয়ন করার গুরুদায়িত্ব থাকবে এই তারকার কাঁধে। কাতার বিশ্বকাপের ফাইনালে হারানো সেই ট্রফি পুনরুদ্ধারের মিশনে তিনি দলের প্রধান অস্ত্র।

হতাশা থেকে রাজকীয় প্রত্যাবর্তন

পিএসজি এবং ফ্রান্সের ভক্তদের ভরসা হলেও দেম্বেলের বর্তমান আধিপত্যের পেছনের গল্পটা সহজ নয়। ২০১৭ সালে নেইমারের বিকল্প হিসেবে রেকর্ড ১৪৮ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা তাঁকে দলে নিয়েছিল। স্পেনে যাওয়ার পর থেকেই বারবার হ্যামস্ট্রিং ও হাঁটুর গুরুতর ইনজুরি ক্যারিয়ারকে প্রায় ধ্বংসের মুখে ফেলেছিল।

সমালোচনামুখর মিডিয়া ও ফুটবল ভক্তরা তাঁকে ‘ফ্লপ’ তকমা দিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত ট্রলের শিকার হয়েছেন। তবে দেম্বেলে দমে যাননি। বার্সেলোনা থেকে পাড়ি জমান পিএসজিতে, হয়ে ওঠেন দলের প্রধান কাণ্ডারি। দুর্দান্ত পারফরম্যান্সে ব্যালন ডি'অর জিতে সমালোচকদের পরিণত করেছেন ভক্ততে।

সম্পর্কিত