জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ৩০ মে ২০২৬, ০৯: ০৬
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। সংগৃহীত ছবি

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ। আজ শনিবার (৩০ মে) বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দলের জ্যেষ্ঠ নেতারা।

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে এক সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হন। তাঁর শাহাদাতবার্ষিকী উপলক্ষে ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত বিস্তারিত কর্মসূচি পালন করছে বিএনপি। কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে বিশেষ পোস্টার প্রকাশ করা হয়েছে এবং দলীয় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করছেন। এ ছাড়া বিভিন্ন সংবাদপত্র ও অনলাইন পোর্টালে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে।

আজ শনিবার ভোর ৬টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের সব স্তরের কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন করা হবে। সকাল ১১টায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের শীর্ষস্থানীয় নেতারা এবং সর্বস্তরের নেতাকর্মীরা শহীদ জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করবেন। জিয়ারত শেষে মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

দিবসটি উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের প্রতিটি থানায় এবং দেশের অন্যান্য ইউনিটে অসচ্ছল ও দুস্থ মানুষের মাঝে কাপড় ও খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। একইভাবে দেশের সব জেলা ও মহানগরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। পরদিন রোববার (৩১ মে) বেলা ২টায় রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

শহীদ জিয়াউর রহমান ছিলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক। তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের স্বপ্নদ্রষ্টা ছিলেন। তাঁর প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বিএনপি গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বর্তমানে সরকার পরিচালনা করছে। তাঁর বড় ছেলে তারেক রহমান বর্তমানে নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতি বছর দিনটি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী হিসেবে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পালন করে আসছে।

সম্পর্কিত