রাশিয়ায় যুদ্ধবিরোধী রাজনীতিকের ১১ বছর কারাদণ্ড

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

রাশিয়ার যুদ্ধবিরোধী রাজনীতিবিদ লেভ শ্লোসবার্গ। সংগৃহীত ছবি

রাশিয়ার যুদ্ধবিরোধী রাজনীতিক লেভ শ্লোসবার্গকে ১১ বছর এক মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৭ আগস্ট) উত্তর-পশ্চিম রাশিয়ার পিসকভ শহরের আদালত এই রায় দেন।

৬৩ বছর বয়সী বিরোধীদলীয় এই নেতার বিরুদ্ধে সশস্ত্র বাহিনীর অবমাননা ও ‘ভুয়া তথ্য’ ছড়ানোর অভিযোগ আনা হয়। সামাজিক মাধ্যমে প্রকাশিত মন্তব্যের জেরে মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী শ্লোসবার্গের ১২ বছর এক মাসের কারাদণ্ডের দাবি করেছিলেন।

রায়ের নিন্দা জানিয়ে শ্লোসবার্গ জানিয়েছেন, রাজনৈতিক, সামাজিক ও নাগরিক অবস্থানের কারণে তাঁকে এই শাস্তি দেওয়া হয়েছে। তিনি আদালতে আবারো ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি এবং ‘রাজনৈতিক সংলাপ’ শুরুর আহ্বান জানালে বিচারক বারবার তাঁর বক্তব্যে বাধা দেন।

লেভ শ্লোসবার্গ উদারপন্থী রাজনৈতিক দল ‘ইয়াবলকো’-র সহসভাপতি। রায়ের পর দলটি জানিয়েছে তারা উচ্চ আদালতে আপিল করবে। নিম্ন আদালত এই রায় দেওয়ার মাত্র কয়েক মিনিট পর রাশিয়ার সুপ্রিম কোর্ট আগামী সেপ্টেম্বরের সংসদ নির্বাচনে ইয়াবলকোর অংশগ্রহণে আরোপিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে করা আপিল খারিজ করে।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযানের বিরোধিতা করা একমাত্র নিবন্ধিত দল ছিল এই ইয়াবলকো। ক্রেমলিনপন্থী জাতীয়তাবাদী দল ‘রোদিনা’র দায়ের করা কপিরাইট লঙ্ঘনের মামলায় চলতি মাসের শুরুতে ইয়াবলকোকে নির্বাচনের ব্যালট থেকে বাদ দেওয়া হয়। ইয়াবলকোর পক্ষ থেকে এসব অভিযোগ বারবার প্রত্যাখ্যান করা হয়েছে।

আগামী ১৮ থেকে ২০ সেপ্টেম্বর হতে যাওয়া নির্বাচনে অংশ নেওয়া বাকি ১০ নিবন্ধিত রাজনৈতিক দলই ইউক্রেন যুদ্ধর সমর্থন করে।

তথ্যসূত্র: বিবিসি

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

রাশিয়ায় যুদ্ধবিরোধী রাজনীতিকের ১১ বছর কারাদণ্ড