ইরান যুদ্ধে অস্ত্র সংকটের কথা স্বীকার যুক্তরাষ্ট্রের

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়টের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র। ছবি: লকহিড মার্টিন
মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়টের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র। ছবি: লকহিড মার্টিন

ইরান যুদ্ধ নিয়ে প্রথমবারের মতো আনুষ্ঠানিক প্রতিবেদন প্রকাশ করেছে পেন্টাগন। এতে মার্কিন সামরিক সরঞ্জাম, বিমান, ড্রোন এবং কূটনৈতিক অবকাঠামোর বিশাল ক্ষয়ক্ষতির চিত্র উঠে এসেছে। একই সঙ্গে যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর অস্ত্র ও গোলাবারুদের মজুতে বড় ধরনের ঘাটতির কথাও স্বীকার করেছে পেন্টাগন।

প্রতিবেদনে বলা হয়, সংঘাতের কারণে মার্কিন সামরিক বাহিনী বর্তমানে গোলাবারুদের ঘাটতি এবং সাপ্লাই চেইনে চরম ‘বটেলনেক’ বা অচলাবস্থার মুখে পড়েছে। ট্রাম্প প্রশাসন দ্রুত এই অস্ত্রভান্ডার পূরণের চেষ্টা করলেও তা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। এই ঘাটতি পূরণের জন্য পেন্টাগন ক্রয়প্রক্রিয়া সহজ করা এবং উৎপাদনের সময় কমানোর চেষ্টা করছে।

যদিও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বারবার অস্ত্র সংকটের খবর অস্বীকার করেছেন। সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে দাবি করেছেন, যুক্তরাষ্ট্র আগের যেকোনো সময়ের চেয়ে বেশি ‘উন্নত ও অভিজাত অস্ত্র’ তৈরি করছে।

সামরিক ও কূটনৈতিক অবকাঠামোর ক্ষতি

প্রতিবেদনে ২৮ ফেব্রুয়ারি থেকে ৩০ জুনের পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। পেন্টাগনের ইনস্পেক্টর জেনারেল জানিয়েছেন, প্রথম কয়েক মাসেই ইরানি হামলায় কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইরাক, ওমান এবং জর্ডানে থাকা মার্কিন ঘাঁটির শত শত ভবন ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

বাহরাইনে মার্কিন নৌবাহিনীর প্রধান আঞ্চলিক লজিস্টিক হাব বা কেন্দ্রটিও ইরানের ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল হামলায় ধ্বংস হয়ে গেছে। এর ফলে লজিস্টিক বা রসদ সরবরাহের কেন্দ্র হিসেবে ভারত মহাসাগরের দূরবর্তী দিয়েগো গার্সিয়া দ্বীপকে ব্যবহার করতে হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে সরবরাহের সময় ১৪ থেকে ১৮ দিন দীর্ঘায়িত হচ্ছে।

শুধু সামরিক ঘাঁটিতেই নয়, মধ্যপ্রাচ্যে মার্কিন কূটনৈতিক মিশনেও বিশাল ক্ষতি করেছে ইরান ও তার সমর্থিত গোষ্ঠীগুলো। প্রতিবেদনে বলা হয়েছে, ইরাক, কুয়েত, সৌদি আরব এবং ইউএই-তে মার্কিন কূটনৈতিক স্থাপনায় প্রায় ১৮৪ মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে এবং নির্মাণকাজ দেরির কারণে আরও ২৫ মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। এর মধ্যে মার্চে রিয়াদে মার্কিন দূতাবাসে দুটি ইরানি ড্রোন হামলায় সিআইএর স্টেশনসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। দুবাইয়ের মার্কিন কনস্যুলেটেও ড্রোন হামলার কথা উল্লেখ করা হয়েছে।

হামলার তীব্রতায় মার্চে কুয়েতের মার্কিন দূতাবাস সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছিল, পরে জুনের শেষে জরুরি সেবার জন্য ফের খোলা হয়।

বিমান, ড্রোন ও সামরিক সরঞ্জামের ক্ষতি

যুদ্ধে মার্কিন সামরিক সরঞ্জাম ও বিমানের ক্ষয়ক্ষতিও হয়েছে। প্রতিবেদনে জানানো হয়েছে, জুন পর্যন্ত অন্তত ৩০টি বড় এমকিউ-৯ (MQ-9) ড্রোন ধ্বংস হয়েছে। এছাড়া ৪টি এফ-১৫ই (F-15E) যুদ্ধবিমান, একটি এফ-৩৫এ (F-35A) জয়েন্ট স্ট্রাইক ফাইটার এবং একটি এ-১০ ওয়ার্থগ (A-10 Warthog) বিমান সম্পূর্ণ ধ্বংস বা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ১২টি কেসি-১৩৫ (KC-135) রিফুয়েলারসহ আরও ৯টি অন্যান্য বিমানও ধ্বংস হওয়ার তালিকায় রয়েছে।

খরচ ও সেনা স্থানান্তরের সংকট

প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধের প্রথম চার মাসে খরচ হয়েছে প্রায় ৩৩ দশমিক ৪ বিলিয়ন ডলার। এর মধ্যে ২২ দশমিক ৩ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে গোলাবারুদ খাতে এবং ৩ দশমিক ৭ বিলিয়ন ডলার সরঞ্জামের ক্ষতি বাবদ। তবে এই হিসাবে সামরিক অবকাঠামো মেরামতের খরচ অন্তর্ভুক্ত করা হয়নি।

এনবিসি নিউজ এর আগে সরকারি সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছিল, যুদ্ধের মোট ব্যয় ইতিমধ্যে ৮০ থেকে ১০০ বিলিয়ন ডলারে গিয়ে ঠেকেছে।

সংঘাতের কারণে মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজারেরও বেশি মার্কিন সামরিক ও কূটনৈতিক কর্মীকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়েছে।

এই প্রতিবেদন এমন সময় এলো যখন মার্কিন সামরিক বাহিনীর মধ্যে অবসাদ, ক্লান্তি ও কম মনোবলের খবর শোনা যাচ্ছে। মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী কাটছাঁটের বিষয়েও গোয়েন্দা মহলে আলোচনা চলছে।

ট্রাম্প শুরুতে এই যুদ্ধ মাত্র কিছুদিনের হবে বলে দাবি করলেও, গত সপ্তাহে তিনি জানান যে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর পর্যন্ত এই যুদ্ধ চলতে পারে।

এই প্রতিবেদনে ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে মার্কিন হামলার তদন্ত সম্পর্কে কিছু উল্লেখ করা হয়নি। মিনাব শহরের শাজারাহ তাইয়েবাহ প্রাথমিক বিদ্যালয়ে মার্কিন বাহিনীর এই হামলায় ১৭০-এর বেশি প্রাণহানি (যাদের বেশিরভাগই শিশু) হয়েছিল।

ওই সময় দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে মার্কিন সামরিক বাহিনীর প্রাথমিক তদন্তের বরাতে জানানো হয়েছে, লক্ষ্যবস্তু নির্ধারণে পুরোনো তথ্যের নির্ভরতার কারণে যুক্তরাষ্ট্রের একটি ‘টমাহক’ ক্রুজ ক্ষেপণাস্ত্র বিদ্যালয়ে আঘাত হানে।

তথ্যসূত্র: সিএনএন, এনবিসি

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত