এআইয়ের উন্নয়নে লাগাম টানার আহ্বান, বিশ্বজুড়ে প্রযুক্তি কোম্পানির শেয়ারদরে ধস

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২১: ১৯
নয়াদিল্লিতে এআই ইমপ্যাক্ট সামিটে বক্তব্য দিচ্ছেন অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেই। ছবি: রয়টার্স
নয়াদিল্লিতে এআই ইমপ্যাক্ট সামিটে বক্তব্য দিচ্ছেন অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেই। ছবি: রয়টার্স

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত উন্নয়নে লাগাম টানার আহ্বান জানিয়েছেন অন্যতম শীর্ষ এআই নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেই। তাঁর এ আহ্বানে একমত হয়েছেন এক্সএআইয়ের ইলন মাস্ক ও ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান। তাঁদের সতর্কবার্তার পর সোমবার (১৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার বাজারে এআই-সংশ্লিষ্ট কোম্পানিগুলোর শেয়ারদরে বড় ধরনের পতন হয়েছে।

শনিবার প্রকাশিত এক দীর্ঘ প্রবন্ধে আমোদেই এআই কোম্পানিগুলোকে তাদের বিভিন্ন মডেলের সক্ষমতা বাড়ানোর গতি কমানোর আহ্বান জানান। এআইয়ের অপব্যবহার নিয়ে উদ্বেগ বাড়ায় তিনি এ আহ্বান জানিয়েছেন বলে উল্লেখ করেছে বার্তা সংস্থা রয়টার্স। তাঁর সঙ্গে একমত পোষণ করেন মাস্ক ও অল্টম্যান।

অল্টম্যান জানান, নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে এ বছর শেয়ারবাজারে আসার পরিকল্পনা করছে না ওপেনএআই। তবে এক সাক্ষাৎকারে এআইয়ের কারণে মানবসভ্যতা বিলুপ্তির ঝুঁকিকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেন তিনি।

এআই খাতের শীর্ষ নির্বাহীদের এ সতর্কবার্তার পর খাতসংশ্লিষ্ট কোম্পানিগুলোর শেয়ার ব্যাপক আকারে বিক্রি করে দিতে শুরু করেন বিনিয়োগকারীরা। এর ফলে সোমবার লেনদেনের শুরুতে ১ দশমিক ৭ শতাংশ কমে যায় ওয়াল স্ট্রিটের প্রযুক্তিনির্ভর নাসডাক-১০০ সূচক। এআই খাতে বিনিয়োগের অন্যতম প্রধান সুবিধাভোগী চিপ কোম্পানিগুলোর শেয়ারে পতন ছিল সবচেয়ে বেশি।

ফিলাডেলফিয়া সেমিকন্ডাক্টর সূচক কমেছে ৬ শতাংশ। এনভিডিয়ার শেয়ারমূল্য কমেছে ৩ দশমিক ৫ শতাংশ, অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেসের (এএমডি) ৫ দশমিক ৬ শতাংশ এবং মাইক্রনের শেয়ারমূল্য ৬ দশমিক ৭ শতাংশ কমেছে। চিপ তৈরির সরঞ্জাম উৎপাদনকারী লাম রিসার্চ ও অ্যাপ্লায়েড ম্যাটেরিয়ালসের শেয়ারও যথাক্রমে ৮ ও ৭ শতাংশ কমেছে।

ইউরোপের প্রযুক্তি খাতের সূচক কমেছে ২ দশমিক ৩ শতাংশ। এএসএমএলের শেয়ারমূল্য কমেছে ৬ দশমিক ৭ শতাংশ। এশিয়ায় সফটব্যাংকের শেয়ার একপর্যায়ে ১৩ দশমিক ২ শতাংশ পর্যন্ত পড়ে যায়। চিপ নির্মাতা টিএসএমসি ও এসকে হাইনিক্সের শেয়ারেরমূল্যও কমেছে।

এআই খাতে বিনিয়োগের গতি কমে গেলে এর প্রভাব শুধু প্রযুক্তি কোম্পানিতে সীমাবদ্ধ থাকবে না বলে মনে করছেন বাজার বিশ্লেষকেরা। ইন্টারঅ্যাকটিভ ব্রোকার্সের প্রধান বাজার বিশ্লেষক স্টিভ সোসনিক বলেন, এআইয়ের উন্নয়ন ধীর হলে এআই খাতে ব্যয়ের গতি কমতে পারে। এতে অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ণ কিছু খাতেও এর প্রভাব পড়বে।

এআইয়ের সম্ভাব্য ক্ষতি নিয়ে উদ্বেগ সাম্প্রতিক সময়ে আরও বেড়েছে। চলতি মাসের শুরুতে অ্যানথ্রপিকের গবেষক জ্যাকব কক্সন পদত্যাগ করেন। পরে দেওয়া এক সতর্কবার্তায় তিনি বলেন, এআই তৈরি করা ব্যক্তিদের একটি অংশ মনে করেন, চলতি দশকের শেষ নাগাদ এ প্রযুক্তি মানবজাতির জন্য ভয়াবহ হুমকি হয়ে উঠতে পারে।

এর কয়েক দিন পর অ্যানথ্রপিকের এক প্রতিবেদনে বলা হয়, তাদের ক্লড এআই মডেল অস্ত্র তৈরি, সাইবার কার্যক্রম, নজরদারি ও প্রতারণার মতো কাজে ব্যবহার করা হয়েছে।

শনিবারের প্রবন্ধে আমোদেই বলেন, আগামী ছয় থেকে ১২ মাসের মধ্যে এআই এজেন্টগুলো ‘পুরো ইন্টারনেটের নিয়ন্ত্রণ নেওয়ার মতো সক্ষম’ হয়ে উঠতে পারে। এতে শত শত বিলিয়ন ডলারের ক্ষতি হতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

তবে এ সতর্কবার্তার সঙ্গে সবাই একমত নন। ২০০৮ সালের আর্থিক সংকটের আগে যুক্তরাষ্ট্রের আবাসনবাজারের পতনের পূর্বাভাস দিয়ে আলোচিত বিনিয়োগকারী মাইকেল বারি এসব সতর্কতাকে ‘হাইপ অ্যান্ড পাফারি’ বলে মন্তব্য করেছেন। তাঁর মতে, এগুলো মূলত নিয়ন্ত্রণহীন অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাওয়ার বিষয়টি আড়াল করার চেষ্টা।

ডয়চে ব্যাংকও বলেছে, এআই খাতে বিনিয়োগ এখনই কমে যাওয়ার সম্ভাবনা কম। প্রতিষ্ঠানটির মতে, কোম্পানি ও দেশগুলোর মধ্যে এআই প্রযুক্তির প্রতিযোগিতা তীব্র। প্রতিদ্বন্দ্বীরা এগিয়ে গেলে কোনো কোম্পানির পক্ষে স্বেচ্ছায় পিছিয়ে থাকা কঠিন।

এদিকে আগামী মাসে শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রস্তুতি নিচ্ছে অ্যানথ্রপিক। সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, এ জন্য এনভিডিয়াকে প্রধান বিনিয়োগকারী করার বিষয়ে আলোচনা করছে কোম্পানিটি। মরগ্যান স্ট্যানলির পূর্বাভাস অনুযায়ী, এআই খাতে বিনিয়োগ ২০২৭ সালের মধ্যে ১ দশমিক ২ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত