মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
বগুড়া

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ১৩: ৩৩
বগুড়া জেলা জজ আদালতের ফটক। সংগৃহীত ছবি
বগুড়া জেলা জজ আদালতের ফটক। সংগৃহীত ছবি

বগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে করা মামলায় আব্দুল খালেক (৫১) নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় দিকে বগুড়া শিশু সহিংসতা দমন ট্রাইবুনালের বিচারক (জেলা দায়রা জজ) মারুফ হোসেন এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। বগুড়া শিশু দমন ট্রাইবুনালের সরকারি কৌঁসুলি (পিপি) আলী আসগর এসব তথ্য নিশ্চিত করেছেন।

খালেক জেলার শেরপুর উপজেলার একটি বস্তি এলাকার বাসিন্দা। ভুক্তভোগী শিশুটি তার দ্বিতীয় স্ত্রীর সন্তান। ২০২০ সালে ২১ অক্টোবর ভোরের দিকে ধর্ষণের ঘটনা ঘটে। পরে ৩১ অক্টোবর ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে থানায় মামলা করেন।

মামলার বরাতে পিপি আলী আসগর জানান, ভুক্তভোগী শিশুটি তার বাবা ও সৎ মায়ের (আসামির তৃতীয় স্ত্রী) সঙ্গে একটি ভাড়া বাসায় থাকাত। ঘটনার দিন ভোর সাড়ে ৪টার দিকে শিশুটির সৎমা স্থানীয় চাতালে ধান সেদ্ধর কাজে যান। এ সময় মেয়েকে ধর্ষণ করেন আসামি। সেই সঙ্গে ঘটনাটি গোপন রাখতে হুমকি দেন তিনি।

পিপি আরও জানান, ঘটনার পর শিশুটির আচরণে পরিবর্তন আসে। সে বাড়ির কাজ বন্ধ করে দিলে ক্ষিপ্ত হয়ে সৎমা তাকে মারধর করতে থাকেন। এক পর্যায়ে শিশুটি তার সৎ মাকে ঘটনাটি জানায়। এতে তিনি নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দেন। শিশুটি ওই ঘটনা দুই সহপাঠীকে জানালে বিষয়টি জানাজানি হয়। পরে গ্রামের বাসিন্দারা থানায় অভিযোগ করেন।

অ্যাডভোকেট আলী আসগর বলেন, সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন শেষে আদালত আজ একমাত্র আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড