বাংলাদেশে আরও ৫০০ কোটি ডলার মার্কিন বিনিয়োগের প্রতিশ্রুতি
স্ট্রিম প্রতিবেদকঢাকা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেছেন, আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫০০ কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীরা। এক্ষেত্রে সরকার প্রয়োজনীয় সব সহযোগিতা দেবে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচ্যাম) ৩০ বছরপূর্তি উদযাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, অ্যামচ্যামের সদস্য প্রতিষ্ঠানগুলো এরই মধ্যে বাংলাদেশে ৫০০ কোটি ডলারের বেশি বিনিয়োগ করেছে। এসব প্রতিষ্ঠান জাতীয় রাজস্বের ২০ শতাংশের বেশি জোগান দিচ্ছে। এই পরিসংখ্যান শুধু মার্কিন বাণিজ্যিক সম্পৃক্ততার ব্যাপ্তিই তুলে ধরে না, বরং দেশের অর্থনীতির প্রতি মার্কিন ব্যবসায়ীদের আস্থারও প্রমাণ দেয়।
অনুষ্ঠানে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির কথা উল্লেখ করে বলেন, এটিকে শুধু একটি বাণিজ্যিক দলিল হিসেবে দেখা উচিত নয়; বরং দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের পরবর্তী পর্যায়ের কাঠামো হিসেবে বিবেচনা করা উচিত।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র শুধু জ্বালানি সরবরাহকারী নয়, বাংলাদেশে জ্বালানি খাতে প্রধান বিনিয়োগ অংশীদার হতে চায়।
অনুষ্ঠানে অ্যামচ্যামের সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি পরিকল্পনার সুবিধার্থে জ্বালানি খাতে সরকারের একটি সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়নের আহ্বান জানান। তিনি বলেন, বিনিয়োগকারীরা যাতে পূর্বানুমানযোগ্য পরিবেশে পরিকল্পনা করতে পারেন, সেজন্য জ্বালানি সরবরাহ ও নীতির বিষয়ে স্পষ্টতা প্রয়োজন।
.png)






