‘মন্ত্রীর কাছ থেকে শুনি- তার লম্বা, এ কারণে বিদ্যুৎ চলে গেছে’
স্ট্রিম ডেস্ক

প্রধানমন্ত্রী বিদ্যুৎ পরিস্থিতির জন্য দুঃখপ্রকাশ করলেও সংশ্লিষ্ট মন্ত্রীর বক্তব্যে বিষয়টি যথাযথভাবে উঠে আসেনি বলে মন্তব্য করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সোমবার (৭ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ৬৮ বিধিতে উত্থাপিত জনগুরুত্বপূর্ণ নোটিশের ওপর আলোচনা শেষে তিনি এ মন্তব্য করেন।
ডেপুটি স্পিকার বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে এই জিনিসটাকে অ্যাড্রেস করেন, সাবমিসিভ ওয়েতে অ্যাকনলেজ করেন, দুঃখপ্রকাশ করেন। আর মাননীয় মন্ত্রীর কাছ থেকে শুনি—তার লম্বা, এ কারণে বিদ্যুৎ চলে গেছে।’
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী দুঃখপ্রকাশ করেন। বাট আনফরচুনেটলি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বশীল মন্ত্রী যারা থাকেন, দায়িত্বশীল ব্যক্তিরা সেই জিনিসটা সেভাবে অ্যাড্রেস করেন না। আমরা হাম্বলি রিকোয়েস্ট করবো, জাতির সামনে যদি প্রকাশ করেন এবং ক্লিয়ার রাখেন, তাহলে ভালো হয়।’
এর আগে বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের ষষ্ঠ দিনের বৈঠক শুরু হয়। পরে অধিবেশনের দ্বিতীয় পর্যায়ে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
৬৮ বিধিতে বিরোধী দলের উত্থাপিত নোটিশের ওপর বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বিরোধীদলীয় সংসদ সদস্য ড. নাজিবুর রহমান মোমেন।
.png)






