
মৌলভীবাজারে টানা পাঁচ দিন বিদ্যুৎ না থাকায় চা উৎপাদন বন্ধ হয়ে গেছে। এতে জেলার সরকারি পাঁচটি চা-বাগানে কারখানার কার্যক্রম পুরোপুরি স্থবির হয়ে পড়েছে। ফলে প্রায় সাড়ে তিন লাখ কেজি কাঁচা চা-পাতা পচে নষ্ট হচ্ছে, যার আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় দেড় কোটি টাকা।
মাধবপুর ন্যাশনাল টি কোম্পানির ব্যবস্থাপক দিপন কুমার সিংহ জানান, বিদ্যুৎ না থাকায় সরকারি পাঁচটি চা-বাগানে উৎপাদন বন্ধ রয়েছে। বাগানগুলোতে মজুত থাকা প্রায় আড়াই লাখ কেজি কাঁচা পাতা পচে যাচ্ছে। এখান থেকে প্রায় ৬০ হাজার কেজি চা উৎপাদনের কথা ছিল। এতে সরকারের রাজস্ব আয় কমার পাশাপাশি চা শিল্প বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। ব্যক্তিমালিকানাধীন বাগানগুলোর উৎপাদনও ব্যাহত হচ্ছে।

কমলগঞ্জের পাত্রখলা চা-বাগানের ব্যবস্থাপক ইউসুফ খাঁন জানান, ২৬ এপ্রিল থেকে পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। বর্তমানে দিনে মাত্র এক থেকে দুই ঘণ্টা বিদ্যুৎ থাকছে। ফলে প্রায় এক লাখ আট হাজার কেজি কাঁচা পাতা মাচায় পড়ে থেকে নষ্ট হওয়ার ঝুঁকিতে রয়েছে। কার্যকর ব্যবস্থা না নিলে বড় ধরনের আর্থিক ক্ষতি হবে।
কমলগঞ্জ পল্লী বিদ্যুতের মাধবপুর ইউনিটের ইনচার্জ মো. রহমতউল্লা জানান, সাম্প্রতিক ঝড়-তুফানের কারণে বিদ্যুৎ সরবরাহে সমস্যা দেখা দিয়েছে। লাইন মেরামতের কাজ চলছে এবং দ্রুতই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, গাছপালা ভেঙে পড়ায় পরিস্থিতি জটিল হয়েছে, তবে দ্রুত বিদ্যুৎ সংযোগ চালুর চেষ্টা চলছে।
.png)






-7410ee-256x144.webp)