ছাত্রদল নেতার মোটরসাইকেল আটকের জেরে এসপি কার্যালয় ঘেরাও
স্ট্রিম সংবাদদাতাচাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রদল নেতার নিবন্ধনহীন মোটরসাইকেল আটক করায় পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে দলটির নেতাকর্মীরা। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে তারা কার্যালয়ের মূল ফটকে অবস্থান নিয়ে প্রায় এক ঘণ্টা পুলিশ সদস্যদের অবরুদ্ধ রাখেন।
পুলিশ জানায়, সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের নিউমার্কেট এলাকায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আক্তারের মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র যাচাই করা হয়। কোনো বৈধ নিবন্ধন না থাকায় পুলিশ মোটরসাইকেলটি আটক করে। এ সময় ঘটনাস্থলেই ট্রাফিক সার্জেন্ট ও টিএসআইয়ের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন আক্তার।
ঘটনার কিছুক্ষণ পরে ছাত্রদলের অর্ধশতাধিক নেতাকর্মী এসে জেলা পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করেন। কার্যালয়ের মূল ফটকে অবস্থান নেওয়ায় ভেতরের পুলিশ সদস্যরা প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ অবস্থায় থাকেন। পরে অতিরিক্ত পুলিশ সুপার এন এম ওয়াসিম ফিরোজ এসে ছাত্রদল নেতাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার এন এম ওয়াসিম ফিরোজ বলেন, ছাত্রদলের ৫০ থেকে ৬০ জন নেতাকর্মী এসপি কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিশৃঙ্খলার চেষ্টা করেন। পরে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান হয়েছে।
এ বিষয়ে জানতে আক্তারুজ্জামান আক্তারের সঙ্গে একাধিকবার ফোনে চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে জেলা ছাত্রদলের সভাপতি মীম ফজলে আজিম বলেন, মোটরসাইকেল আটক করা নিয়ে পুলিশের সঙ্গে সামান্য ভুল বোঝাবুঝি হয়েছিল। আলোচনার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হয়েছে।
.png)

-7c29dd-256x144.webp)

-322e16-256x144.webp)


