
রাজধানীর কদমতলীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় আল আমিন (৪২) নিহত এবং রাজিব (৪০) আহত হয়েছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে কদমতলীর সাদ্দাম মার্কেটের সামনে এই ঘটনা ঘটে। নিহত আল আমিন ও আহত রাজিব ‘অনন্ত হাউজিং লিমিটেডে’ চাকরি করতেন।
আহত রাজিব জানান, অফিস শেষে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন তাঁরা। রাত সাড়ে ১০টার দিকে সাদ্দাম মার্কেটের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে একটি অটোরিকশা আসে। এ সময় তিনি মোটরসাইকেলের গতি কমালে পেছনে থাকা কাভার্ড ভ্যান তাদের ধাক্কা দেয়। এতে দুজনই রাস্তায় ছিটকে পড়েন। পরে স্থানীয় লোকজন তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। রাত সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন।
আল-আমিনের গ্রামের বাড়ি বরগুনা জেলার আমতলী থানার উত্তর গজখালি গ্রামে। তাঁর বাবার নাম আলমগীর হাওলাদার। ৭ মাসের কন্যাসন্তানসহ পরিবার নিয়ে তিনি শ্যামপুর এলাকায় বসবাস করতেন।
ঢামেকের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হাবিবুর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
.png)

-7c29dd-256x144.webp)

-322e16-256x144.webp)


