নিহত দুই সেনাসদস্যের পরিবারকে আর্থিক সহায়তা প্রধানমন্ত্রীর

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২: ২১
নিহত সেনাসদস্যের পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও
নিহত সেনাসদস্যের পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও

চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর প্রশিক্ষণের সময় দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাতে তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সমবেদনা জানান। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের সেনাসদস্যরা প্রাণ দিয়েছেন। তাঁদের এই আত্মত্যাগ জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি আশ্বাস দিয়ে বলেন, সরকার ও সেনাবাহিনী আপনাদের পাশে থাকবে।

পরে প্রধানমন্ত্রী দুই সেনাসদস্যের পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন।

এ ছাড়া সেনাবাহিনীর পক্ষ থেকে নিহদের স্থায়ী ঠিকানায় পরিবারের জন্য বাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়। একই সঙ্গে তাঁদের স্ত্রীদের চাকরির ব্যবস্থা এবং সন্তানদের জন্য মাসিক ভাতা প্রদানের ঘোষণাও দেওয়া হয়।

গত ৯ সেপ্টেম্বর হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে সৈনিক (অপারেটর) আবু বকর সিদ্দিক এবং সৈনিক (গানার) মো. তাসনিম রিফায়াত নিহত হন।

সাক্ষাতে আবু বকর সিদ্দিকের পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী সুরাইয়া আক্তার জুতি, শিশুকন্যা ফাতেমা সিদ্দিকা, বাবা আব্দুল ওহাব ও মা পারভীন আক্তার। অন্যদিকে মো. তাসনিম রিফায়াতের পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী মোসা. ফাহমিদা আফরিন, শিশুকন্যা রাফসা তাসনিম ইফরা এবং বাবা মো. আসাদুল হক।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত