সৌদিতে বিরোধের জেরে প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
সিলেট

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২৩: ২২
ছবি: স্ট্রিম গ্রাফিক
ছবি: স্ট্রিম গ্রাফিক

সৌদি আরবের রাজধানী রিয়াদে রুমমেটদের সঙ্গে বিরোধের জেরে এক প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১১টার দিকে রিয়াদের হারা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ মতিউর রহমান (২৫) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের বাঘারপাড় গ্রামের আব্দুস সালামের ছেলে। চলতি বছরের ফেব্রুয়ারিতে কাজের ভিসায় সৌদি আরবে যান তিনি। রিয়াদের একটি বাসায় আরও তিনজনের সঙ্গে থাকতেন।

স্বজনদের অভিযোগ, ঘুমানো ও রান্না নিয়ে মতিউরের সঙ্গে রুমমেটদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে এক রুমমেট রান্নার কাজে ব্যবহৃত ছুরি দিয়ে মতিউরকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর রুমে থাকা অন্য তিনজন পালিয়ে যান।

নিহতের ভাই আশরাফুল ইসলাম খোকন বলেন, ‘মৃত্যুর কয়েক দিন আগেও মতিউর আমাদের জানিয়েছিল, রুমমেটদের সঙ্গে তার ঝামেলা চলছে। ঘটনার দিন হঠাৎ তার সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছিল না। পরে একই রুমে থাকা গ্রামের একজনের মাধ্যমে ভাইকে ছুরিকাঘাতে হত্যার খবর পাই। ভিডিও কলে মাটিতে পড়ে থাকা ভাইয়ের লাশ দেখে পরিবারের সবাই ভেঙে পড়েছি।’

তিনি বলেন, মতিউরের তিন মাসের একটি সন্তান রয়েছে। ঘটনার পর প্রবাসে থাকা স্বজনদের সহযোগিতায় সৌদিতে স্থানীয় পুলিশের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালে রেখেছে। মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চান তাঁরা।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিন মিয়া বলেন, বিষয়টি তিনি জেনেছেন। মরদেহ দেশে আনতে বিএমইটি নম্বরসহ প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আবেদন করতে পরিবারকে পরামর্শ দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত