‘তারেক রহমান আইলেও কাম হইব না’ বলা সেই ছাত্রদল নেতা গ্রেপ্তার

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
গাজীপুর(টঙ্গী)

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২৩: ৪১
বহিষ্কৃত ছাত্রদল নেতা রাতুল সিকদার অমিকে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
বহিষ্কৃত ছাত্রদল নেতা রাতুল সিকদার অমিকে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

‘এখানে স্বয়ং তারেক রহমান আইলেও কাম হইব না। এইডা আমার বাড়ির রোড। এখানে প্রাইম মিনিস্টার আইলেও কাজ হইব না’— সামাজিক যোগাযোগমাধ্যমে এমন বক্তব্য দিয়ে ভাইরাল হওয়া বহিষ্কৃত ছাত্রদল নেতা রাতুল সিকদার অমিকে (২২) চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে টঙ্গীর সাতাইশ এলাকা থেকে তাকে এক সহযোগীসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাতুল সিকদার অমি টঙ্গী পশ্চিম থানাধীন সাতাইশ এলাকার রেজা সিকদারের ছেলে। তিনি গাজীপুর মহানগরীর ৫১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ছিলেন। তার সহযোগী রাজু শেখ (২৫) একই এলাকার খরতৈল গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, কয়েক মাস আগে সড়কের কাজকে কেন্দ্র করে এক ঠিকাদারের কাছে মুঠোফোনে চাঁদা দাবি করেন রাতুল। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়েও কটূক্তি করেন তিনি। চাঁদা দাবির ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের করা মামলায় তাকে সহযোগীসহ গ্রেপ্তার করা হয়েছে।

জানা যায়, প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি ও চাঁদা দাবির বিষয়টি ছড়িয়ে পড়ার পর দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রাতুল সিকদার অমিকে বহিষ্কার করেছিল ছাত্রদল।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়ের করা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত