সাভার শিল্পাঞ্চলে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ বাড়ায় কিছুটা স্বস্তি

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
সাভার

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২৩: ৩১
সাভার শিল্পাঞ্চলে গ্যাস-বিদ্যুত সরবরাহ বাড়ায় কিছুটা স্বস্তি। ছবি: সংগৃহীত
সাভার শিল্পাঞ্চলে গ্যাস-বিদ্যুত সরবরাহ বাড়ায় কিছুটা স্বস্তি। ছবি: সংগৃহীত

ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে শিল্প কারখানা ও আবাসিক এলাকায় গ্যাস-বিদ্যুৎ সরবরাহ কিছুটা বৃদ্ধি পাওয়ায় স্বস্তি ফিরেছে। বিভিন্ন কারখানায় খোঁজ নিয়ে জানা যায়, গেল কয়েক দিনের তুলনায় বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে বেড়েছে গ্যাসের চাপ।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের প্রায় ১ হাজার ২০০ কারখানা রয়েছে। এসবের মধ্যে তৈরি পোশাক কারখানার বয়লার ও আয়রন সেকশন সচল রয়েছে এমন কারখানাগুলোতে বেড়েছে গ্যাস সরবরাহ।

স্বাভাবিক উৎপাদনের জন্য যেখানে গ্যাসের চাপ ১০ থেকে ১৫ পিএসআই থাকা প্রয়োজন। গত কিছু দিন গ্যাসের চাপ কখনও কখনও শূন্যে নেমে আসে। তবে বুধবার থেকে ২-৩ পিএসআই পরিমাণ গ্যাস সরবরাহ করা হচ্ছে।

নতুন এলএনজি কার্গো খালাসের পর সোমবার রাত থেকেই জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়তে শুরু করে। পেট্রোবাংলার তথ্য বলছে, বর্তমানে জাতীয় গ্রিডে প্রায় ২৬২ কোটি ঘনফুট হারে গ্যাস সরবরাহ হচ্ছে। ফলে ইতোমধ্যে কিছু এলাকায় শিল্পকারখানা ও আবাসিক খাতে গ্যাসের চাপ বাড়তে শুরু করেছে। ধীরে ধীরে সারা দেশে গ্যাসের চাপ বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

তবে দেশে দৈনিক গ্যাসের মোট চাহিদা প্রায় ৩৮০ কোটি ঘনফুট। ফলে সরবরাহ ২৬২ কোটি ঘনফুটে উন্নীত হলেও এখনো দৈনিক ঘাটতি থাকছে প্রায় ১১৮ কোটি ঘনফুট। এ কারণে বিদ্যমান সংকট এখনই পুরোপুরি কাটছে না।

সাভারের একটি পোশাক কারখানার পরিচালক মরতুজ আলী বলেন, গেল কিছু দিন তো বয়লার আয়রন চালাতে পারিনি। তবে মঙ্গলবার থেকে গ্যাসের সরবরাহ বেড়েছে। আজকে কিছু কাজ করা যাচ্ছে। যদিও এই সরবরাহ অপ্রতুল। আরও বৃদ্ধি করতে হবে।

ধামরাইয়ের একটি পোশাক কারখানার জেনারেল ম্যানেজার হাবিবুর রহমান বলেন, যে পরিমাণ বেড়েছে, তাতে স্বল্প কাজ করা যাচ্ছে। তবে একেবারে কম হওয়ার চেয়ে এটা মন্দের ভালো।

এদিকে কারখানার সঙ্গে সঙ্গে গ্যাসের চাপ বেড়েছে আবাসিক এলাকায়ও। সাভারের রেডিও কলোনি এলাকার বাসিন্দা ফেরদৌসি সুলতানা বলেন, প্রায় দুই মাস কোনো গ্যাসই ছিল না। তবে এখন কিছুটা আসছে। তবে যা আসছে তাতে রান্না করা কষ্ট।

গ্যাসের সংকটে অনেকেই বিকল্প ব্যবস্থা নিয়েছেন। সাভার পৌরসভার কলেজ রোড এলাকার বাসিন্দা শারমিন আক্তার বলেন, দিন কিংবা রাত—কোনো সময়ই গ্যাস পাচ্ছি না। তাই সিলিন্ডার এনে রান্না করছি।

তিতাস গ্যাসের আশুলিয়া জোনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রকৌশলী আবু ছালেহ মুহাম্মদ খাদেমুদ্দীন বলেন, ‘মঙ্গলবার থেকেই পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। শূন্য থেকে এখন সরবরাহ ২-৩ পিএসআই পর্যন্ত আসছে। আগামী সময়গুলোতে এই পরিস্থিতি আরও উন্নত হবে বলে আশা করছি।’

বাংলাদেশ আ্যাপারেল ভয়েসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী কর্মকর্তা ও বিজিএমইএ-এর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, গ্যাসের সরবরাহ উন্নতি হয়েছে। মোটামুটি আগের অবস্থায় ফিরছে। ফলে যে অচলাবস্থা ছিল, সেটি উত্তরণ হয়েছে। সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে, সে অনুযায়ী পরিস্থিতি আরও উন্নতি হবে এমনটাই প্রত্যাশা করছি। বিশেষত, শিল্প বাঁচাতে কারখানাগুলোতে সরবরাহ বৃদ্ধি করার কোনো বিকল্প নেই।

এদিকে গ্যাসের সঙ্গে সঙ্গে বিদ্যুৎ পরিস্থিতিরও উন্নতি হয়েছে বলে জানা গেছে। পল্লী বিদ্যুৎ সূত্র জানায়, বুধবার দুপুর ২টার তথ্য অনুযায়ী, সাভার গ্রিডে বিদ্যুতের চাহিদা ছিল ৪২ মেগাওয়াট এবং সরবরাহ ৩৭ মেগাওয়াট। সেখানে লোডশেডিং ছিল ৫ মেগাওয়াট। নবীনগর গ্রিডে চাহিদা ছিল ৯০ মেগাওয়াট এবং সরবরাহ ৭৮ মেগাওয়াট। সেখানে লোডশেডিং ছিল ১২ মেগাওয়াট।

তবে ধামরাই গ্রিডে বিদ্যুতের চাহিদা ও সরবরাহ উভয়ই ১১ মেগাওয়াট ছিল। মির্জাপুর গ্রিডে চাহিদা ও সরবরাহ ছিল ৩ মেগাওয়াট করে। এই দুই গ্রিডে এনএলডিসির হিসাবে কোনো লোডশেডিং ছিল না।

এ ছাড়া কবিরপুর গ্রিডে বিদ্যুতের চাহিদা ছিল ২৫০ মেগাওয়াট। এর বিপরীতে সরবরাহ ছিল ২১০ মেগাওয়াট। ফলে সেখানে ঘাটতি ছিল ৪০ মেগাওয়াট। কড্ডা গ্রিডে চাহিদা ছিল ১১০ মেগাওয়াট এবং সরবরাহ ৭৫ মেগাওয়াট। সেখানে এনএলডিসির লোডশেডিং ছিল ১৫ মেগাওয়াট। বাস ওভারলোডের কারণে ফিডার শাটডাউন (এফ/এস) ছিল ২০ মেগাওয়াট।

দুপুর ২টায় ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতাধীন এলাকায় মোট বিদ্যুতের চাহিদা ছিল ৫১৫ মেগাওয়াট। এর বিপরীতে মোট সরবরাহ ছিল ৪২৩ মেগাওয়াট। মোট এনএলডিসি লোডশেডিং ছিল ৭২ মেগাওয়াট এবং ওভারলোড ছিল ২০ মেগাওয়াট।

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার মো. আক্তারুজ্জামান লস্কর বলেন, গেল কয়েক দিনের তুলনায় বিদ্যুতের সরবরাহ বেড়েছে। পরিস্থিতির আরও উন্নতি হবে। আমরা চেষ্টা করছি গুরুত্ব অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করতে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত