চাচা-ভাতিজা হত্যা: ১০ বছর পর রায়, ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
জামালপুর

জামালপুরে চাচা-ভাতিজা হত্যা মামলার আসামি। স্ট্রিম ছবি
জামালপুরে চাচা-ভাতিজা হত্যা মামলার আসামি। স্ট্রিম ছবি

জামালপুরের মাদারগঞ্জে চাচা ও ভাতিজাকে হত্যার দায়ে ১০ বছর পর ৭ জনকে মৃত্যুদণ্ড ও ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ নেজাম উদ্দীন এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের গজারিয়া গ্রামের সাখাওয়াত (৩২), সোহেল (৩০), আল আমিন (৩০), সাদ্দাম (৩০), উজ্জ্বল (৩০), অন্তর (৩০) ও ফয়জুর (৩২)।

যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন একই এলাকার চাঁন মিয়া (৫১), মো. জিয়ার (৪৬), শাহ আলম (৪২), কাওসার (৩০), রিফাত (৩২), সুমন (৩২) ও মোস্তফা (৪০)। একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ দিদারুল ইসলাম জানান, পূর্ববিরোধের জেরে ২০১৬ সালের ১৬ মে রাতে গানবাজনার কথা বলে মহর আলী ও তার ভাতিজা স্বপনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান সাখাওয়াত ও সোহেল। পরে জোড়খালী ইউনিয়নের কুকুরমারী এলাকার একটি পাটক্ষেতে নিয়ে দুজনকে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়। ঘটনার তিন দিন পর ওই পাটক্ষেত থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় ২০১৬ সালের ১৯ মে স্বপনের বাবা জাহাঙ্গীর আলম ২২ জনকে আসামি করে মাদারগঞ্জ মডেল থানায় হত্যা মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ১৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

চাচা-ভাতিজা হত্যা: ১০ বছর পর রায়, ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন