জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

ক্ষমতাসীনরা নারীর প্রতি সহিংসতা চালাচ্ছে: শফিকুল ইসলাম মাসুদ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ১৬: ০৯
ঈদ-সামগ্রী বিতরণী অনুষ্ঠানে শফিকুল ইসলাম মাসুদ। সংগৃহীত ছবি

নারীর ক্ষমতায়নে একদিকে সরকার ফ্যামিলি কার্ড দিচ্ছে অন্যদিকে সরকারি দলের নেতাকর্মীরা নারীর প্রতি সহিংসতা চালাচ্ছেন বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ।

শুক্রবার (১৩ মার্চ) জামায়াতের হাজারীবাগ দক্ষিণ থানার উদ্যোগে সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে ঈদ-সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

জামায়াতের এই সদস্য বলেন, ‘সরকার একদিকে নারীর ক্ষমতায়নের নামে ফ্যামিলি কার্ড দিচ্ছে অন্যদিকে দলীয় সন্ত্রাসীরা নারীর প্রতি সহিংসতা চালাচ্ছে।’

তিনি বলেন, নির্বাচন পরবর্তী সারাদেশে সরকার দলীয় নেতাকর্মীদের সন্ত্রাসী-চাঁদাবাজি বেড়ে গেছে। নারী ও শিশুকে ধর্ষণের পর পৈচাশিক কায়দায় হত্যা করা হচ্ছে। এখন পর্যন্ত কোন ধর্ষণ ও খুনের ঘটনায় সরকার কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। প্রধানমন্ত্রী একদিকে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করছেন অপরদিকে তার দলীয় সন্ত্রাসীরা বিরোধীদলীয় নেতাকর্মীদের হত্যা করে একেকটা পরিবারকে নিঃশেষ করে দিচ্ছে। কিন্তু সরকার দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক এবং আইনগত কোনো ব্যবস্থা নিচ্ছে না।

শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘জুলাই আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পরিচালিত গণহত্যায় নীরব সমর্থন দিয়েছে রাষ্ট্রপতি সাহাবুদ্দীন চুপ্পু। চব্বিশের ছাত্র-জনতার ওপর র্নিবিচারে গুলি চালিয়ে হাজার-হাজার ছাত্র-জনতাকে শহীদ করার পরও রাষ্ট্রপতি নীরব ভূমিকা পালন করেছে। তিনি গণহত্যা বন্ধে কোনো পদক্ষেপ নেয়নি। বরং তিনি আওয়ামী লীগের গণহত্যাকে সমর্থন দিয়ে গেছেন। জুলাই গণহত্যার দায় রাষ্ট্রপতি কোনোভাবেই এড়াতে পারবেন না।’

এই সংসদ সদস্য অভিযোগ করেন, নির্বাচিত সংসদ রাষ্ট্রপতিকে অপসারণ করার ক্ষমতা থাকলেও সরকারি দলের সদিচ্ছা না থাকায় রাষ্ট্রপতি বহাল তবিয়তে রয়েছেন। অনতিবিলম্বে রাষ্ট্রপতিকে অপসারণ করে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ও হাজারীবাগ দক্ষিণ থানা আমির আখতারুল আলম সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মুহাম্মদ আব্দুল হাকিম খান, অ্যাডভোকেট জসিম উদ্দিন তালুকদারসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা।

সম্পর্কিত