সরকারি উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চাই না: আইনমন্ত্রী

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ঝিনাইদহ

প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ১৮: ৪০
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভায় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। স্ট্রিম ছবি

সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চান না বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, ‘আমরা (বিএনপি) ক্ষমতায় আছি, নিশ্চয় দলের নেতাকর্মীরা সুবিধা পাবেন। তবে এমন সুবিধা আমরা দেব না, যাতে সরকারের বদনাম হয়।’

শুক্রবার (১০ জুলাই) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, একজন চাঁদাবাজ হাসপাতাল থেকে চাঁদা তুললে তার ব্যক্তিগত লাভ হতে পারে। কিন্তু এই চাঁদাবাজের কারণে সরকারের ওপর যে কালিমা লিপ্ত হবে সেই দায় সরকার নেবে না। তিনি আরও বলেন, সম্প্রতি বরিশালে দলীয় পরিচয়ে একজন জোর করে চেকে সাইন করে নিয়েছিলেন। আমরা রাত পার হতে দেইনি। সেই ব্যক্তিকে আইনের আওতায় আনা হয়েছে।’

অপরাধী দলের যত বড় নেতাই হোক না কেন, তার পরিচয় অপরাধী জানিয়ে মন্ত্রী বলেন, কেউ যদি মনে করেন আওয়ামী লীগ লুটপাট করেছে, সেই খালি জায়গায় আপনি নিজেই বসে যাবেন। তাহলে ভুলের স্বর্গে বসবাস করছেন। আমরা এমন কোনো সুবিধা নেতাকর্মীদের দেব না, যাতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাছান, জেলা সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন।

উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, কর্মচারীর পাশাপাশি স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীও এতে অংশ নেন।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত