ফতুল্লায় থানা হাজতে ‘জয় বাংলা’ স্লোগান, দুই পুলিশ প্রত্যাহার

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
নারায়ণগঞ্জ

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ২০: ৫৪
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া হাজতখানায় বসে করা ভিডিওতে আটককৃতরা । সংগৃহীত ছবি
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া হাজতখানায় বসে করা ভিডিওতে আটককৃতরা । সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার হাজতখানায় বসে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে মিছিলের প্রস্তুতির অভিযোগে আটক ১০ জনকে হাজতখানায় স্লোগান দিতে দেখা যায়। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করেন। প্রত্যাহার হওয়া দুই পুলিশ সদস্য হলেন— ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম ও কনস্টেবল জাহাঙ্গীর হোসেন। পরে তাদের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (২৯ আগস্ট) রাতে ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কের সাইনবোর্ড এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে মিছিলের প্রস্তুতির অভিযোগে ১০ জনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা করে রোববার সকালে আদালতে পাঠানো হয়।

আটককৃতরা হলেন ফেরদৌস (১৮), আবরার আহমেদ (১৮), ইয়াসিন (১৮), রাব্বি (২০), শিমুল (২০) ও নয়ন (১৮)। বাকি চারজন অপ্রাপ্তবয়স্ক। তাদের বাড়ি শহরের পাইকপাড়া এবং ফতুল্লার পঞ্চবটি-বিসিক এলাকায়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, ‘হাজতখানায় থাকা অবস্থায় পরিবারের সঙ্গে যোগাযোগের জন্য এসআই মনিরুল ইসলাম আটক ব্যক্তিদের মুঠোফোন ব্যবহারের সুযোগ দিয়েছিলেন। এ সুযোগে তারা স্লোগান দিয়ে ভিডিও ধারণ করেন এবং পরে সেটি ফেসবুকে ছড়িয়ে দেন।’

ওসি বলেন, নিয়ম অনুযায়ী আটক ব্যক্তিদের পরিবারের সঙ্গে যোগাযোগের বিষয়টি পুলিশকে নিশ্চিত করতে হয়। সরল বিশ্বাসে তাদের মুঠোফোন ব্যবহারের সুযোগ দেওয়ার পরই ঘটনাটি ঘটে।

এদিকে আটককৃতদের আদালতে হাজির করা হলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার মামলায় ১০ জনকেই কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত