ময়মনসিংহে যুবককে কুপিয়ে হত্যা, অভিযুক্তের বাড়িতে আগুন

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ময়মনসিংহ

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ২১: ০৯
নিহত মহিদুজ্জামান ওরফে মোফাচ্ছেল (৪০)। সংগৃহীত ছবি

ময়মনসিংহের গফরগাঁওয়ে মহিদুজ্জামান ওরফে মোফাচ্ছেল (৪০) নামের ফিসারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) বেলা ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

গত রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে মহিদুজ্জামানের নিজের ফিসারির পাড়ে তাঁকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। নিহত মহিদুজ্জামান বাগবেড় গ্রামের মো. মোজাম্মেলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে সুমপাড়া মোড়লবাড়ি এলাকার মো. সিদ্দিকুর রহমানের ছেলে অভিযুক্ত তোফাজ্জল হোসেন ওরফে তপন মোবাইল ফোনে মহিদুজ্জামানকে তাঁর ফিসারির পাড়ে যেতে বলেন। সেখানে পৌঁছালে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। খবর পেয়ে স্বজনরা উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মহিদুজ্জামানের মৃত্যু হয়।

উত্তেজিত এলাকাবাসী অভিযুক্তের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। সংগৃহীত ছবি
উত্তেজিত এলাকাবাসী অভিযুক্তের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। সংগৃহীত ছবি

মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত এলাকাবাসী অভিযুক্ত তোফাজ্জল হোসেন ওরফে তপনের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

খবর পেয়ে গফরগাঁও থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। গফরগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. মশিউর রহমান জানান, পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। তবে হত্যার কারণ উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান শুরু করেছে।

Ad 300x250

সম্পর্কিত