চাঁপাইনবাবগঞ্জে ৪ দাখিল মাদ্রাসায় পাস করেনি কেউ

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
চাঁপাইনবাবগঞ্জ

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ২০: ০৮
মাদ্রাসা শিক্ষা বোর্ড। সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জের ৪ দাখিল মাদ্রাসার একজন পরীক্ষার্থীও পাস করতে পারেনি। সোমবার (১০ আগস্ট) প্রকাশিত মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষার ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এই চার প্রতিষ্ঠানে নিবন্ধিত ২৬ শিক্ষার্থীর ১৬ জন পরীক্ষায় অংশ নেন। এদের কেউ পাস করতে পারেননি।

ফল পর্যালোচনায় দেখা যায়, গোমস্তাপুরের গোপীনাথপুর ডিএস দাখিল মাদ্রাসা থেকে ১৬ শিক্ষার্থী নিবন্ধিত থাকলেও পরীক্ষায় অংশ নিয়েছেন ১৪ জন। একই উপজেলার ব্রঞ্জনাথপুর দাখিল মাদ্রাসা থেকে ৪ শিক্ষার্থী ফরম পূরণ করলেও একজন শিক্ষার্থীও পরীক্ষায় বসেননি। অন্যদিকে নাচোলের বকুলতলা দাখিল মাদ্রাসার ৫ নিবন্ধিত শিক্ষার্থীর ২ জন পরীক্ষায় অংশ নিয়ে দুজনেই ফেল করেন। এ ছাড়া শিবগঞ্জের নাটোর দাখিল মাদ্রাসা থেকে মাত্র ১ জন শিক্ষার্থী নিবন্ধিত থাকলেও তিনি পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।

পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ অকৃতকার্য এবং নিবন্ধিত পরীক্ষার্থীরা অনুপস্থিত থাকার ঘটনাকে শিক্ষার মান ও প্রাতিষ্ঠানিক তদারকির ঘাটতি হিসেবে দেখছেন স্থানীয় শিক্ষাবিদেরা। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার বলেন, নামমাত্র পরীক্ষার্থী নিয়ে পরিচালিত এসব প্রতিষ্ঠানের প্রশাসনিক ও পাঠদান কার্যক্রম নিয়েও প্রশ্ন উঠছে।

এ বিষয়ে গোপীনাথপুর দাখিল মাদ্রাসার সুপার রায়হান উদ্দীনকে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। অন্যদিকে বকুলতলা দাখিল মাদ্রাসার সুপার সুলতান আহম্মেদের মোবাইল নম্বর বন্ধ থাকায় তাঁর বক্তব্যও পাওয়া যায়নি।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন সুলতানা বলেন, ‘পরীক্ষায় অংশ নিয়েও শতভাগ ফেল করাটা জেলার জন্য খুবই অসম্মানজনক। এ ছাড়া বাকি দুটি মাদ্রাসা থেকে শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করার পরও কেন পরীক্ষায় বসেনি, তা নিয়ে প্রতিষ্ঠানপ্রধানদের সঙ্গে কথা হবে। খারাপ ফলাফল করা প্রতিষ্ঠানের বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় সিদ্ধান্ত হবে।’

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত