মোহাম্মদপুরে আবাসিক ভবন থেকে ৩ লাখ বিদেশি সিগারেট জব্দ

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক
ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরের দুই আবাসিক ভবনে অভিযান, ৩ লাখের বেশি বিদেশি সিগারেট জব্দ
রাজধানীর মোহাম্মদপুরের দুই আবাসিক ভবনে অভিযান, ৩ লাখের বেশি বিদেশি সিগারেট জব্দ

রাজধানীর মোহাম্মদপুরে দুটি আবাসিক ভবন থেকে অবৈধভাবে আমদানি করা ৩ লাখ ১৬ হাজার ৪০০ শলাকা বিদেশি সিগারেট উদ্ধার করেছেন ভ্যাট গোয়েন্দারা। বিভিন্ন ব্র্যান্ডের জব্দ করা এসব সিগারেটের বাজারমূল্য প্রায় ৩৫ লাখ টাকা।

বুধবার (১৬ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে এসব সিগারেট জব্দ করা হয় বলে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআর জানায়, মোহাম্মদপুর-আদাবর এলাকায় পিসি কালচার হাউজিং এবং জহুরী মহল্লার দুটি ভবনে অবৈধ সিগারেটের গোডাউনের খবর পেয়ে আকস্মিক অভিযান চালায় গোয়েন্দারা।

অভিযান চলাকালে গোডাউন দুটির দরজা বন্ধ পাওয়া যায়। গোডাউন মালিককে খুঁজে না পেয়ে দরজা খুলতে ভবন মালিকের সহযোগিতা নেওয়া হয়। চাবি না পেয়ে ভবনমালিকের উপস্থিতিতে তালা ভেঙে প্রবেশ করে বিপুল পরিমাণ বিদেশি সিগারেটের বস্তা পাওয়া যায়।

একটি গোডাউন থেকে প্যাট্রন ন্যানো ২ লাখ ২ হাজার ২০০ শলাকা, মন্ড স্ট্রবেরি ১০ হাজার শলাকা, মন্ড সিলভার ১৬ হাজার ৬০০ শলাকা এবং ওরিস ন্যানো ২৬ হাজার ৪০০ শলাকা উদ্ধার করা হয়। অন্য গোডাউন থেকে অরবিট, মন্ড, প্যাট্রন ও ওরিস ব্র্যান্ডের আরও ৬১ হাজার ২০০ শলাকা সিগারেট জব্দ করা হয়।

গোয়েন্দারা জানান, এসব সিগারেট অবৈধভাবে নিয়ে আসার মাধ্যমে সম্পূরক শুল্ক ও সারচার্জ বাবদ প্রায় ৩০ লাখ টাকা সরকারি রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে।

স্থানীয়রা গোয়েন্দাদের জানান, গোডাউন দুটি ভিন্ন ঠিকানায় হলেও প্রকৃত মালিক একই ব্যক্তি। লোকটি ডিলারশিপ ব্যবসা করবে বলে গোডাউন ভাড়া নিয়েছিল।

ভবনমালিকের দাবি, ‘বৈধ ব্যবসার জন্য গোডাউন ভাড়া দিয়েছি কিন্তু সে অবৈধ মালের ব্যবসা করে এটা জানতাম না।’

ভবনের দারোয়ান জানান, বেশিরভাগ সময় রাতের বেলা মালামাল আসতো এবং পার্সেল করে কুরিয়ারের মাধ্যমে বিভিন্ন জায়গায় সেগুলো পাঠানো হতো। ভিতরে কী থাকে তা তিনি জানেন না।

জব্দ সিগারেটগুলো কাস্টমস গুদামে জমা দেওয়া হয়েছে। অবৈধ সিগারেটগুলো পরে বিধি মোতাবেক ধ্বংস করা হবে। এ বিষয়ে মামলা করাসহ আইনানুগ কার্যক্রম নেওয়া হচ্ছে। চোরাচালান চক্রটিকে হাতেনাতে ধরার প্রচেষ্টা চলছে। এই চক্রটি ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় অবৈধভাবে বিদেশি সিগারেট সরবরাহ করছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত