আন্তর্জাতিক আদিবাসী দিবস

পার্বত্য অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনে সরকারের অনীহা রয়েছে: রাঙামাটিতে শিশির চাকমা

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
রাঙামাটি

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ১৭: ৫৭
রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে আন্তর্জাতিক আদিবাসী দিবসের অনুষ্ঠান। স্ট্রিম ছবি

পার্বত্য অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনের ব্যাপারে সরকারের অনীহা রয়েছে বলে মন্তব্য করেছেন জুম ঈসথেটিকস কাউন্সিল (জাক) সভাপতি শিশির চাকমা। তিনি বলেন, ‘তিন পার্বত্য জেলায় চারজন সংসদ সদস্য রয়েছেন। তার মধ্যে তিনজন রয়েছেন আদিবাসী (ক্ষুদ্র নৃগোষ্ঠী)। কিন্তু সংবিধান সংস্কার কমিটিতে তিনজনের কাউকে রাখা হয়নি।’

রোববার (৯ আগস্ট) বেলা ১১টার দিকে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিশির চাকমা এসব কথা বলেন। তিনি বলেন, ‘বিএনপির সরকার শুরুতে বলেছেন তারা রংধনু জাতি গঠন করবে। কিন্তু পার্বত্য অঞ্চলের মানুষকে কষ্ট, বৈষম্য আর অন্ধকারে মধ্যে রেখে বাংলাদেশে কোনো অবস্থাতে রংধনু জাতি গঠিত হতে পারে না।’

রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে আন্তর্জাতিক আদিবাসী দিবসের অনুষ্ঠানে তরুণীদের নৃত্য পরিবেশন। স্ট্রিম ছবি
রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে আন্তর্জাতিক আদিবাসী দিবসের অনুষ্ঠানে তরুণীদের নৃত্য পরিবেশন। স্ট্রিম ছবি

২৯ বছরেও পার্বত্য চট্টগ্রাম চুক্তির সুরাহা হয়নি উল্লেখ করে শিশির চাকমা বলেন, এমন পরিস্থিতি অনন্তকাল চলতে পারে না। সরকার যদি পার্বত্য চট্টগ্রাম চুক্তিকে ভিত্তি করে এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার কোনো রূপরেখা ঘোষণা না করে, তবে পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের মনে সৃষ্ট ক্ষত কখনোই সারবে না।

পার্বত্য চুক্তি বাতিল চেয়ে পাহাড়ে বিভিন্ন সংগঠনের প্রচারের সমালোচনা করে জাক সভাপতি বলেন, পার্বত্য চুক্তি যদি বাতিল হয়, তার চাইতেও আরেকটি শক্তিশালী পার্বত্য চুক্তি সরকারকে করতে হবে। তিনি বলেন, পাহাড়ের মানুষের ‘ফ্যামিলি কার্ড’ বা অন্য কোনো কার্ডের প্রতি কোনো আগ্রহ নেই। আমরা এখানে শান্তিতে বসবাস করতে চাই।

অনুষ্ঠানের উদ্বোধক পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য আইনজীবী চঞ্চু চাকমা বলেন, ‘আদিবাসী বললে আমাদের বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে। আমরা বর্তমান সরকারের রেইনবো নেশনের অংশীদার হতে চাই। এই বিষয়ে বিএনপি সরকারের আন্তরিকতা প্রয়োজন রয়েছে।’

রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে আন্তর্জাতিক আদিবাসী দিবসের অনুষ্ঠানে বক্তব্য দেন শিশির চাকমা। স্ট্রিম ছবি
রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে আন্তর্জাতিক আদিবাসী দিবসের অনুষ্ঠানে বক্তব্য দেন শিশির চাকমা। স্ট্রিম ছবি

বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য অঞ্চলের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য ফদাং তাং রান্দাল, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সহসভাপতি থোয়াই অং মারমা, জুয়েল দেওয়ান, আদিবাসী দিবস উদ্‌যাপন কমিটির সদস্যসচিব ইন্টু মনি তালুকদার, জেলা আইনজীবী সমিতির সদস্য দীপন চাকমা ও গিরিসুর শিল্পীগোষ্ঠীর সভাপতি জয়তী চাকমা ইনুসহ অন্যরা।

এর আগে বেলুন উড়িয়ে আদিবাসী দিবস উদ্বোধনের পর পাহাড়ি জনগোষ্ঠীর সদস্যরা নৃত্য পরিবেশন করে। পরে আলোচনা শেষে দুপুরে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষ হয়। এতে চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, পাংখোয়াসহ অন্যান্য জনগোষ্ঠীর নারী-পুরুষ ঐতিহ্যবাহী পোশাক পরে নিজেদের সংস্কৃতিকে তুলে ধরেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত