সড়কের পাশে রিকশা রাখায় মারধর, চালকের মৃত্যু

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
রাজশাহী

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ১৫: ৩২
মারধরের প্রতীকী ছবি। স্ট্রিম গ্রাফিক্স

রাজশাহী মহানগরে সড়কের পাশে রিকশা রাখা নিয়ে মারধরে এক রিকশাচালকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার (১২ আগস্ট) রাত ১০টার দিকে নগরের মালোপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই স্থানীয় একটি ফার্মেসির মালিক-কর্মচারীদের বিরুদ্ধে হত্যা মামলা করেছে নিহতের পরিবার।

নিহত রিকশাচালক মো. পলাশ (৪৫) নগরের রাজারহাতা এলাকার বাসিন্দা। ময়নাতদন্তের জন্য তার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে রাখা হয়েছে।

স্থানীয় লোকজন ও পুলিশ জানিয়েছেন, রিকশাচালক পলাশ অসুস্থ ছিলেন। রক্তচাপ মাপার জন্য রাতে তিনি মালোপাড়া এলাকার একটি ফার্মেসিতে যান। সেখানে তার রিকশা রাখার কারণে সড়কে একটু যানজট তৈরি হয়। এতে পাশের সীমান্ত হোমিও হলের মালিক ও কর্মচারীরা তাকে রিকশা সরাতে বলেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে চালককে মারধর করেন তাঁরা।

নগরের বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম জানান, শুরুতে হাতাহাতির খবর পেয়ে পুলিশ গিয়ে বিষয়টি মীমাংসা করে দেয়। এ সময় অসুস্থ রিকশাচালক পলাশকে রামেক হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। তবে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মর্গে রাখা তার মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বোয়ালিয়া থানার ওসি মাছুমা মুস্তারী জানান, রিকশাচালকের মৃত্যুর ঘটনায় বুধবার রাত ৩টার দিকে সীমান্ত হোমিও হলের মালিক-কর্মচারীদের বিরুদ্ধে একটি হত্যা মামলার একটি এজাহার দেয় তার পরিবাল। আজ বৃহস্পতিবার দুপুরে মামলাটি রেকর্ড করা হয়েছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত