ঝিনাইদহে গরু চোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত, চিকিৎসাধীন ১

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ঝিনাইদহ

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ১৪: ০২
কালীগঞ্জে চোর সন্দোহে গণপিটুনিতে নিহতের ঘটনায় এলাকায় পরিদর্শন করেছে পুলিশ। স্ট্রিম ছবি
কালীগঞ্জে চোর সন্দোহে গণপিটুনিতে নিহতের ঘটনায় এলাকায় পরিদর্শন করেছে পুলিশ। স্ট্রিম ছবি

ঝিনাইদহের কালীগঞ্জে গরু চোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুত্ব আহত অবস্থায় আরেকজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গতকাল শুক্রবার (২১ আগস্ট) রাত ৩টার দিকে উপজেলার বারোবাজার ইউনিয়নের বাদুরগাছা গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার (২২ আগস্ট) সকাল ১০টার দিকে আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়। তাৎক্ষণিকভাবে হতাহত কারও পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে বাদুরগাছা গ্রামে মৃত ওবায়দুল হকের বাড়িতে গরু চুরির উদ্দেশে কয়েকজন প্রবেশ করেন। গরুর মালিক তাঁর স্ত্রী নিলুফার ইয়াসমিন চিৎকার করলে আশপাশের লোকজন চোরদের ধাওয়া দেন। একপর্যায়ে দুজনকে আটক করেন গ্রামবাসী। উত্তেজিত লোকজন তাদের পিটুনি দিলে ঘটনাস্থলেই একজন নিহত হন। অপরজন গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

গরুর মালিক নিলুফা ইয়াসমিনের অভিযোগ, গতকাল রাত দুইটার দিকে ঘুম থেকে উঠে তার ঘরের দরজা বাইরে থেকে আটকানো পান। তার ডাকাডাকিতে আশপাশের লোকজন এসে তালা ভেঙে তাঁকে বের করেন। পরে গোয়ালঘরে গিয়ে তার দুটি গরুর একটি নেই দেখেন। এতে গ্রামের লোকজন চোরদের খুঁজতে শুরু করেন। রাত ৩টার দিকে উপজেলার ঠিকডাঙ্গা-পিরোজপুর মাঠে একটি গরুসহ তাদের আটক করে গ্রামবাসী।

স্থানীয় বাসিন্দা আবু জাফর নামের একজন বলেন, চুরি খবর পেয়ে বাদুরগাছা, সোনালীডাঙ্গা ও পিরোজপুর গ্রামের মানুষ মিলে চোরদের ধাওয়া দেয়৷ ধাওয়া খেয়ে পিরোজপুর মাঠের বটতলা এলাকা থেকে একটি পিকআপ যশোরের দিকে চলে গেলেও ওই দুজন যেতে পারেনি। পরে লোকজন তাদের মারধর করে।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাহিদ ইসলাম তন্নী জানান, সকাল সাড়ে ১০টার দিকে আশঙ্কাজনক অবস্থায় একজনকে পুলিশ হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

কালীগঞ্জ থানার ওসি কবির হোসেন বলেন, চোর ধরার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখান থেকে একজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) মাহফুজ হোসেন বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারো নেই। ঘটনার বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

ঝিনাইদহে গরু চোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত, চিকিৎসাধীন ১