সিলেটে এনসিপি নেতারা, হামলা-লুটপাটের অভিযোগ নাসীরুদ্দীনের

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
মৌলভীবাজার

সিলেটের পথে এনসিপি নেতাদের গাড়িবহর। সংগৃহীত ছবি

সিলেটে পূর্বঘোষিত কর্মসূচির অংশ নিতে মৌলভীবাজার থেকে গাড়িবহর রওয়ানা হয়েছেন ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর আড়াইটার দিকে তারা সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কাছাকাছি পৌঁছে বলে জানা গেছে। এর আগে বেলা ১১টার দিকে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে নেতাকর্মীদের বহর যাত্রা শুরু করে।

সিলেটের উদ্দেশ্যে রওয়ানার আগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী সাংবাদিকদের বলেন, আহত ও নিহতদের বিচার, চাঁদাবাজি-সন্ত্রাস বন্ধ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে জুলাই জুড়ে দেশব্যাপী পদযাত্রা কর্মসূচি পালন করছে এনসিপি। সেই ধারাবাহিকতায় হবিগঞ্জে কর্মসূচি শেষে ফেরার পথে তাদের ওপর একাধিক দফায় হামলা চালানো হয়। হামলাকারীরা প্রায় ২০ লাখ টাকার বিভিন্ন মালামাল ও নগদ ৫ লাখ টাকা নিয়ে গেছে বলেও তিনি দাবি করেন।

১৪৪ ধারার মধ্যেই গতকাল হবিগঞ্জে শহরে বিক্ষোভ কর্মসূচি করতে গেলে পুলিশি বাধার মুখে পড়েন এনসিপি নেতারা। পরে রাত ৯টার দিকে জেলার বাহুবল উপজেলার কামাইছড়া পুলিশ ফাঁড়িতে হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) বরাবর লিখিত অভিযোগ দিয়ে রাতে মৌলভীবাজার সার্কিট হাউসে অবস্থান করেন তারা।

এদিকে, গত মঙ্গলবার হবিগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদকে প্রধান আসামি করে ১১১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল বুধবার রাত ১২টার দিকে সদর মডেল থানায় মামলাটি করেন জেলা ছাত্রশক্তির আহ্বায়ক তন্ময় তাহের। এতে ১১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ১০০ জনকে আসামি করা হয়। থানার ওসি জাহিদ হোসেন এ সব তথ্য নিশ্চিত করেন

সার্কিট হাউসে নাসীরুদ্দীন পাটোয়ারী দাবি কনে, মঙ্গলবার হামলায় এনসিপির মিডিয়া টিমকে লক্ষ্যবস্তু করা হয়। গাড়িচালককে বেধড়ক মারধর ও এক কলেজপড়ুয়া কর্মীর একটি চোখ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া জেলা সদস্যসচিবের হাত ভেঙে দেওয়া হয়েছে। ভাঙচুরে একটি গাড়ি সম্পূর্ণ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে বলে অভিযোগ করেন তিনি।

নাসীরুদ্দীন পাটোয়ারী আরও বলেন, হামলার প্রতিবাদে গতকাল হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করলে প্রশাসন তাদের পদে পদে বাধা দেয়। এক পর্যায়ে ১৪৪ ধারা জারি করে। গতকাল সেখানে যাওয়ার পথে ট্রাক দিয়ে তাদের গাড়িবহরের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পাহাড়ি এলাকায় পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে রাখে।

এদিকে সিলেটগামী এনসিপির গাড়িবহরে দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সংসদ সদস্য আতিক মুজাহিদ, ডা. মাহমুদা মিতু, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, সার্জিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা আছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

Ad 300x250

সম্পর্কিত