চুয়াডাঙ্গায় বহিষ্কৃত যুবদল নেতাকে কুপিয়ে জখম, কবজি বিচ্ছিন্ন

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
চুয়াডাঙ্গা

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ১১: ২৫
বহিষ্কৃত যুবদল নেতা জাহিন শেখ। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গায় যুবদলের বহিষ্কৃত নেতা জাহিন শেখকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। হামলায় তার বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়েছে এবং মারাত্মকভাবে জখম হয়েছে বাম পা। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা শহরের হোমিওপ্যাথি কলেজ এলাকায় এই হামলা হয়। জাহিন শেখ চুয়াডাঙ্গা পৌর এলাকার হাটকালুগঞ্জ পুলিশ লাইন এলাকার প্রয়াত রজব আলীর ছেলে। তিনি জেলা যুবদলের সহ-ক্রীড়াবিষয়ক সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ১০টার পর জাহিনকে কল করে হোমিওপ্যাথি কলেজ এলাকায় ডেকে নেয় দুর্বৃত্তরা। সেখানে পৌঁছালে ধারালো অস্ত্র নিয়ে এলোপাতাড়ি কোপানো হয়। স্থানীয়রা পরে তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাজমুস সাকিব জানান, জাহিনের বাম হাতের কবজি বিচ্ছিন্ন ছিল। বাম পা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রানা বলেন, জাহিন শেখ ও অভিযুক্তরা আগে একসঙ্গে চলাফেরা করতেন। অভ্যন্তরীণ বিরোধের জেরে এ হামলা হয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Ad 300x250

সম্পর্কিত