যুবককে গলাকেটে হত্যা, ‘বি-কোম্পানির দ্বন্দ্ব’ বলছে পুলিশ

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
খুলনা

নিহত জয় ঢালী। ছবি: সংগৃহীত

খুলনার রূপসায় জয় ঢালীকে (২৭) কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনী মহল গ্রামে একটি চায়ের দোকানের সামনে এই ঘটনা ঘটে।

জয় ঢালী দুর্জনী মহল গ্রামের বাসিন্দা আক্তার ঢালীর ছেলে। তাঁর একটি ঘের রয়েছে, যেটি নিজেই দেখাশুনা করতেন।

পুলিশ বলছে, জয় ঢালী খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর ‘বি-কোম্পানির’ সদস্য। বি-কোম্পানির অভ্যন্তরীণ দ্বন্দ্বে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।

রূপসা থানার ওসি আবদুর রাজ্জাক মীর জানান, শনিবার সন্ধ্যা থেকে জয় ঢালী চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। রাত সোয়া ৯টার দিকে কয়েকজন যুবক মোটরসাইকেলে এসে তাঁর সঙ্গে কথা বলছিলেন। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে জয় ঢালীর বাম পায়ে আঘাত করে তারা। মাটিতে পড়ে গেলে তাঁর গলাকেটে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা। ঘটনাস্থলেই জয় ঢালীর মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

খুলনা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, জয় ঢালী খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর ‘বি-কোম্পানির সদস্য ছিলেন। তাঁর বিরুদ্ধে রূপসা থানায় ৭টি মামলা রয়েছে। অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে বি-কোম্পানির সদস্যরা তাঁকে হত্যা করে থাকতে পারে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সাম্প্রতিক সময়ে খুলনায় সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা বেড়েছে। এতে আইনশৃঙ্খলার অবনতিতে উদ্বিগ্ন নাগরিকেরা। সর্বশেষ গত ১১ আগস্ট মধ্যরাতে ইটভাটার মধ্যে ঢুকে যুবদলের কর্মী ফখরুল শেখ নামের যুবককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি স্থানীয় যুবদল নেতা ফরহাদ হোসেনের ছোট ভাই। ফখরুল নিজেও রূপসা কলেজের সাবেক ছাত্রদল নেতা ছিলেন।

পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ৮৩টি হত্যাকাণ্ড ঘটেছে। চলতি বছরের প্রথম ছয় মাসে হত্যাকাণ্ড ঘটেছে ১৯টি। এর মধ্যে ৩৪টি হত্যাকাণ্ডের সঙ্গে বিভিন্ন সন্ত্রাসী দল জড়িত বলে পুলিশের তথ্যে উঠে এসেছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

যুবককে গলাকেটে হত্যা, ‘বি-কোম্পানির দ্বন্দ্ব’ বলছে পুলিশ