চলন্ত রিকশায় ছিনতাই/শিক্ষিকার মৃত্যুর ঘটনায় দুজন গ্রেপ্তার

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে স্কুল শিক্ষিকার মৃত্যুর ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে স্কুল শিক্ষিকার মৃত্যুর ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

রাজধানীর মানিক মিয়া এভিনিউ এলাকায় ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে স্কুল শিক্ষিকার মৃত্যুর ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন মো. খোকন (৩৫) ও মো. রাজিব মাতুব্বর (৩৬)।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মঙ্গলবার সাভার ও মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়। ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলসহ লুণ্ঠিত ব্যাগ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ২৯ আগস্ট সকালে প্রধান শিক্ষিকা রনজিলা পারভিন তাঁর স্বামীর সঙ্গে রিকশায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের সড়ক দিয়ে যাচ্ছিলেন। মানিক মিয়া এভিনিউর পূর্ব প্রান্তে খেজুর বাগান অভিমুখী রাস্তায় মোটরসাইকেল আরোহী খোকন ও রাজীব তাঁদের পিছু নেয়। খেজুর বাগানের সামনে পৌঁছলে মোটরসাইকেলের পেছনে থাকা খোকন ভিকটিমের হাতের ব্যাগ ধরে টান দেয়। এতে রনজিলা পারভিন ভারসাম্য হারিয়ে চলন্ত রিকশা থেকে রাস্তায় পড়ে গিয়ে আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্বামী আব্দুল মতিন (৫৩) শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার পরপরই থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগ বিষয়টি গুরত্বের সঙ্গে ছায়াতদন্ত শুরু করে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা, তথ্য সংগ্রহ ও প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্ত করতে সক্ষম হয়। ঢাকা, সাভার ও মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইয়ে সরাসরি জড়িত খোকন ও রাজিবকে গ্রেপ্তার করা হয়। এ সময় রাজিবের হেফাজত হতে ৬২২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারের পর আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মিরপুরের বড়বাগ এলাকা থেকে নিহতের ছিনতাই হওয়া ব্যাগ এবং মিরপুর-১ এর কো-অপারেটিভ মার্কেট থেকে মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। অন্যদিকে রাজিব মাতুব্বরের দেখানো মতে ভাষানটেকের দেওয়ান পাড়া এলাকা থেকে ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত