সৌদিতে নিজ বাসায় নরসিংদীর যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
নরসিংদী

সৌদিতে নিহত বাংলাদেশি যুবক সৌরভ ইসলাম। ছবি: সংগৃহীত
সৌদিতে নিহত বাংলাদেশি যুবক সৌরভ ইসলাম। ছবি: সংগৃহীত

সৌদি আরবের জেদ্দায় নিজ বাসার সিঁড়ি থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে সহকর্মীরা তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ বিষয়টি জানায়। বিকেলে সৌদি আরবে থাকা এক সহকর্মী সৌরভের স্বজনদের তার মৃত্যুর খবর জানান।

সৌরভ ইসলাম (২৫) জেদ্দার আলসাইম কোম্পানিতে অফিস সহকারী হিসেবে কাজ করতেন। তার বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়নের মুছাপুর গ্রামে। ওই গ্রামের আমির ইসলাম ও রেনু বেগমের একমাত্র ছেলে তিনি।

প্রবাসীদের বরাতে সৌরভের স্বজনেরা জানান, মঙ্গলবার ভোরের দিকে জেদ্দায় নিজের বাসার ছাদে যান সৌরভ। এ সময় ইয়েমেন থেকে ছোড়া একটি মিসাইল আসতে দেখে তিনি আতঙ্কিত হয়ে সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করেন। একপর্যায়ে সিঁড়িতে পড়ে গিয়ে মাথায় প্রচুর রক্তক্ষরণ হয়।সকালে তার সঙ্গে থাকা লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে স্থানীয় পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সৌরভের মা রেনু বেগম বলেন, ‘আমি শেষবারের মতো ছেলের মুখটা দেখতে চাই, সরকারের কাছে আবেদন, দ্রুত আমার ছেলের মরদেহ দেশে এনে দিন।’

সৌরভের স্বজন তৌহিদুল ইসলাম ও কামাল মিয়া বলেন, তাঁর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা প্রয়োজন।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা বলেন, ‘এ ঘটনাটি আমি শুনেছি, তবে এখন পর্যন্ত কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি। তারা যোগাযোগ করলে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।’

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত