দেশে সারের সংকট নেই, মজুত পর্যাপ্ত: তথ্য উপদেষ্টা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ১৯: ৩৭
আজ পিআইডি সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবি: বাসস
আজ পিআইডি সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবি: বাসস

দেশে সারের কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, কোনো কোনো এলাকায় সার বিতরণে কিছু অনিয়ম ও ব্যবস্থাপনাগত সমস্যা দেখা দিয়েছে। এসব সমস্যা সমাধানে সরকার দ্রুত ব্যবস্থা নিচ্ছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডের তথ্য জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তথ্য উপদেষ্টা বলেন, কোনো কোনো জায়গায় সার বিতরণে কিছু অনিয়মের খবর পত্রিকায় এসেছে। এটি আমরা খেয়াল করেছি এবং দ্রুত ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

সার বিতরণে অনিয়মের সঙ্গে জড়িত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান জাহেদ উর রহমান। তিনি বলেন, কৃষি বিভাগ বা প্রশাসনের যেসব কর্মকর্তা দায়িত্বে ছিলেন, প্রয়োজনে তাদের বদলি করে নতুন লোকদের দায়িত্ব দেওয়া হবে।

দেশে সারের মজুদের তথ্য তুলে ধরে তিনি বলেন, ২৪ আগস্ট পর্যন্ত দেশে মোট ১৩ লাখ ৬৫ হাজার মেট্রিক টন সার মজুদ রয়েছে। এর মধ্যে ইউরিয়া ৪ লাখ ৮২ হাজার ২০০ টন, টিএসপি ৩ লাখ ৬৯ হাজার টন, ডিএপি ৩ লাখ ৬৮ হাজার টন এবং এমওপি ১ লাখ ৪৬ হাজার টন।

তিনি আরও বলেন, আমদানির পর্যায়েও উল্লেখযোগ্য পরিমাণ সার রয়েছে। এর মধ্যে ২ লাখ ১০ হাজার টন টিএসপি, ২ লাখ ৮০ হাজার টন ডিএপি এবং ৩ লাখ ৭৫ হাজার টন এমওপি আমদানির পর্যায়ে রয়েছে।

এছাড়া আরও সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, টিএসপি ৬০ হাজার টন, ডিএপি ১ লাখ ২০ হাজার টন এবং এমওপি ১ লাখ ১৫ হাজার টন আমদানির অনুমোদন হয়েছে। আমরা আশা করছি আমাদের সরবরাহে ঘাটতি নেই।

নতুন সার আমদানির সাম্প্রতিক সিদ্ধান্তের তথ্য তুলে ধরে জাহেদ উর রহমান বলেন, সার সরবরাহে কোনো ঘাটতি যেন না হয়, সে জন্য ২৪ আগস্ট সরকারি ক্রয়সংক্রান্ত কমিটির বৈঠকে ৩ লাখ ৬৫ হাজার মেট্রিক টন সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এর এক সপ্তাহ আগে কানাডা, রাশিয়া ও সৌদি আরব থেকে আরও ১ লাখ ১৫ হাজার টন সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছিল।

নতুন সার বিতরণ ব্যবস্থার বিষয়ে তিনি বলেন, সরকার সার বিতরণ ব্যবস্থায় কিছু পরিবর্তন আনতে যাচ্ছে। নতুন ব্যবস্থার সঙ্গে মানিয়ে নিতে গিয়ে কিছুটা অস্থিরতা তৈরি হয়েছে। পাশাপাশি কোনো কোনো ডিলার তাদের জন্য বরাদ্দ করা সার উত্তোলন করছেন না। এসব কারণেই কোথাও কোথাও সাময়িক সমস্যা তৈরি হচ্ছে।

মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কারণে সার সরবরাহে সরকার সতর্ক রয়েছে বলে জানান তথ্য উপদেষ্টা। তিনি বলেন, হরমুজ প্রণালি নিয়ে আলোচনা হলে সাধারণত জ্বালানি সরবরাহের বিষয়টি বেশি সামনে আসে। কিন্তু বিশ্বের প্রায় ২৫ শতাংশ সার হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে এ পরিস্থিতির প্রভাব সার সরবরাহের ওপর পড়তে পারে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত