৬ দাবিতে লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ১৯: ৫২
মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: সংগৃহীত
মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: সংগৃহীত

ছয় দাবিতে ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ করবে জামায়াত-এনসিপি নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। মঙ্গলবার (২৫ আগস্ট) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘এটি একটি শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচি। কোনো ধরনের উসকানির সুযোগ না দিয়ে দেশবাসী এই কর্মসূচি সফল করবে ইনশাআল্লাহ। লংমার্চ সফল করতে প্রশাসন, রাজনৈতিক দল, গণমাধ্যম ও সর্বস্তরের জনগণের কাছে আমরা সার্বিক সহযোগিতা কামনা করছি।’

তিনি বলেন, ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় ঢাকার শাপলা চত্বর থেকে লংমার্চ শুরু হয়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে গিয়ে শেষ হবে। যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথসভা অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, লংমার্চে হাজারের বেশি যানবাহন অংশ নিতে পারে এবং ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত মহাসড়কের বিভিন্ন জেলা, উপজেলা ও মহানগর এলাকার নেতাকর্মী ও সাধারণ মানুষ কর্মসূচিতে অংশ নেবেন বলে আশা করছি।

লংমার্চ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রাখতে ১১ দলীয় ঐক্য গতকাল সোমবার সন্ধ্যায় পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করেছে বলে জানিয়েছেন তিনি। এ সময় সংশ্লিষ্ট রুট, পথসভা ও কর্মসূচির বিভিন্ন স্পট সম্পর্কে পুলিশকে অবহিত করা হয়েছে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ বন্ধসহ ছয় দফা দাবিতে এই লংমার্চ। এতে জামায়াত আমিরসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা নেতৃত্ব দেবেন।

কর্মসূচির বিস্তারিত তুলে ধরে তিনি বলেন, ‘লংমার্চ সফল করতে ইতোমধ্যে বিভিন্ন বাস্তবায়ন কমিটি ও উপকমিটি গঠন করা হয়েছে। অভ্যর্থনা, চিকিৎসা, পরিবহন, প্রচার ও প্রকাশনা, তথ্যপ্রযুক্তি, স্বেচ্ছাসেবক, সংস্কৃতি এবং প্রশাসনিক যোগাযোগসহ বিভিন্ন বিভাগীয় দায়িত্ব বণ্টন করা হয়েছে। আমরা জনগণের মধ্যে ব্যাপক সাড়া ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করছি।’

তিনি আরও বলেন, ‘সাধারণ মানুষের চলাচলে যাতে কম বিঘ্ন ঘটে, সে বিষয়ে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। মহাসড়কের একটি অংশ দিয়ে লংমার্চের বহর চলাচলের পরিকল্পনা রয়েছে, যাতে অন্য অংশ দিয়ে সাধারণ যানবাহন চলাচল অব্যাহত রাখা যায়। তবে এত বড় কর্মসূচির কারণে কোথাও সাময়িক ভোগান্তি সৃষ্টি হতে পারে। তাই আমরা দেশবাসীর নিকট অগ্রীম ক্ষমা চেয়ে নিচ্ছি।’

সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির সেলিম উদ্দিন এবং ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত