দ্বৈত নাগরিকত্বের প্রশ্ন এড়িয়ে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি: সংগৃহীত
পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি: সংগৃহীত

দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এসময় পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন, ‘এ নিয়ে কে নিউজ করেছে, কার এত জ্বালা?’

সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সাংবাদিকেরা তাকে প্রশ্ন করেন, ‘একটি বিষয় উঠেছে, আপনার ব্রিটিশ নাগরিকত্ব... ওটা ত্যাগ করেছেন কি না, এ ব্যাপারে আপনার বক্তব্য দরকার।’

জবাবে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ‘আমি বাংলাদেশি। আমি মনে করি না এমন কেউ আছে যে আমার বাংলাদেশিজম বা আমার অবস্থান নিয়ে প্রশ্ন করবে। মানে এখানে এসে বাংলাদেশের জন্য কাজ করা তো কোনো সুবিধাবাদী লোক আর করবে না।’

গত শুক্রবার মন্ত্রিসভার নতুন সদস্য হিসেবে শপথ নেন হুমায়ুন কবির। তিনি টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। এর আগে তিনি প্রাক-মেয়াদে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করে আসছিলেন।

হুমায়ুন কবির প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তার ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসে। সে প্রসঙ্গ তুলে সাংবাদিক প্রশ্নে বলেন, প্রতিমন্ত্রীর বাংলাদেশি নাগরিকত্ব বা দেশের প্রতি তার অবস্থান নিয়ে সন্দেহ নেই। কিন্তু নেটিজেনদের একাংশ বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন।

প্রতিমন্ত্রী পাল্টা প্রশ্ন করেন, ‘কোনটা? নেটিজেনরা? কোথায়?’ জবাবে সাংবাদিক বলেন, ‘একটি খবরও প্রকাশিত হয়েছে।’

এই দুটি প্রশ্নের জবাবে ক্ষোভ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি তো সিটিজেন নিয়ে আছি, আপনি বলেন নেটিজেন! মানে কোন নেটিজেন? কে নিউজ করছে এটা? মানে কোন সংবাদপত্র? কার এত জ্বালা যে মানে কাজ করতে দেবে না? তো তার জ্বালা কেন হচ্ছে? তার কি ২০০৮-এর জ্বালা উঠছে নাকি আবার? মইনউদ্দিন-ফখরুদ্দীনের জ্বালা উঠছে তার আবার? নাকি?’

উল্লেখ্য, বাংলাদেশের সংবিধান অনুযায়ী, নির্বাচিত সংসদ সদস্য নন, এমন ‘অনধিক এক-দশমাংশ’ ব্যক্তিকে মন্ত্রী বা প্রতিমন্ত্রী করা যায়। তবে সেই ব্যক্তিকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য হতে হবে। সংবিধানের ৬৬ ধারার ২(গ) অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য হবেন না, যদি তিনি কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেন কিংবা কোনো বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা বা স্বীকার করেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত