চট্টগ্রাম বোর্ড বাদে সব কেন্দ্র পরীক্ষার উপযোগী: মাহদী আমিন

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ২২: ৩০
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বোর্ড ছাড়া দেশের সব কেন্দ্র পরীক্ষার উপযোগী বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। মঙ্গলবার (১৪ জুলাই) রাত ৯টায় সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেন তিনি।

মাহদী আমিন বলেন, বিরূপ আবহাওয়ার কারণে সৃষ্ট সাময়িক জলাবদ্ধতা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে। পরীক্ষার্থীদের দীর্ঘদিনের পাঠ্যক্রম ও মানসিক প্রস্তুতিকে মূল্যায়ন করে যথাসময়ে পরীক্ষা নেওয়া সরকারের দায়িত্ব। এ কারণে শিক্ষা মন্ত্রণালয় আবহাওয়া অধিদপ্তর এবং মাঠ প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র জানান, দেশের ২ হাজার ৬৯৭ কেন্দ্রে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ পরীক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম বোর্ডের অধীন ৫ জেলায় ১৬ জুলাই পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে অন্যান্য জেলায় অনুকূল পরিবেশ আছে বলেই পরীক্ষা হচ্ছে।

তিনি আরও লেখেন, স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে যে কোথাও জলাবদ্ধতার সমস্যা হলে প্রয়োজনে কেন্দ্র পরিবর্তন, পরীক্ষা স্থগিত কিংবা সময় বৃদ্ধি করতে পারবেন। কোনো শিক্ষার্থী যদি বিরূপ আবহাওয়ার কারণে পরীক্ষা দিতে না পারে, তবে তারা পরে চট্টগ্রাম বোর্ডের স্থগিত পরীক্ষার সঙ্গে অংশ নেওয়ার সুযোগ পাবে। এছাড়া পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দুটি ভুল প্রশ্নের জন্য সবাইকে পূর্ণ নম্বর দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে নৌকায় পরীক্ষার্থী পারাপারের বিষয়ে মাহদী আমিন বলেন, কুমিল্লা বোর্ডের ১৯৩ কেন্দ্রের মধ্যে শুধু একটি কেন্দ্রের ৯৮৭ পরীক্ষার্থী সমস্যায় পড়েছিল। প্রশাসনের সমন্বিত সিদ্ধান্তে ওই কেন্দ্রের পরীক্ষা এক ঘণ্টা পিছিয়ে পূর্ণ সময় নিশ্চিত করা হয়েছিল।

কোমলমতি শিক্ষার্থীদের সামাজিক মাধ্যমে চালানো মিথ্যা ও পুরনো ছবি-ভিডিওর অপপ্রচার সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

মাহদী আমিন আরও বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার প্রধানমন্ত্রীর নির্দেশনায় জনগণের আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল। অনেক পরীক্ষা কেন্দ্রে ভোগান্তির সৃষ্টি হয়েছে এটি যেমন সত্য, তেমনি দেশের বড় অংশের শিক্ষার্থীরা কোনো দুর্ভোগে পড়েনি সেটিও সত্য।

সব ধরনের দ্বিধা ও অস্থিরতা পেছনে ফেলে নিজের মেধা ও যোগ্যতার ওপর আস্থা রেখে পরীক্ষার্থীদের পড়ালেখায় মনোনিবেশ করার পরামর্শ দেন তিনি।

মাহদী আমিন বলেন, এই পরীক্ষা কেবল সার্টিফিকেট পাওয়ার লড়াই নয়, বরং লক্ষ্যে পৌঁছার গুরুত্বপূর্ণ ধাপ।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত