জাতীয় স্মৃতিসৌধে নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর শ্রদ্ধা

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
সাভার, ঢাকা

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ১৫: ০৩
জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন নতুন দায়িত্ব পাওয়া মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। সংগৃহীত ছবি
জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন নতুন দায়িত্ব পাওয়া মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। সংগৃহীত ছবি

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী। শনিবার (২২ আগস্ট) দুপুরে স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাঁরা।

এদিন দুপুর সোয়া ১টায় জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে পৌঁছান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

দুপুর ১টা ৫২ মিনিটে সেখানে প্রবেশ করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। পুষ্পস্তবক অর্পণের পর সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা প্রকাশ করেন তাঁরা। এর আগে সকালে শ্রদ্ধা নিবেদন করেছিলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীকে শপথ পড়ান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং পরে তাঁদের মধ্যে দপ্তর বণ্টন করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ড. আবদুল মঈন খানকে। আগে এই দায়িত্বে ছিলেন নবনিযুক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আবদুল মঈন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারে ছয় মাসের ব্যবধানে প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হওয়া এম রশিদুজ্জামান মিল্লাত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তিনি বর্তমান সরকারের এই মন্ত্রণালয়েরই প্রতিমন্ত্রী ছিলেন এবং জামালপুর-১ আসনের সংসদ সদস্য।

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বান্দরবান আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরীকে। তাঁর আগে এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন দীপেন দেওয়ান, যিনি গত ১ জুন পদত্যাগ করেন।

বিএনপির জোটসঙ্গী বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ পেয়েছেন তথ্য মন্ত্রণালয়। তাঁর আগে এই দায়িত্বে ছিলেন জহির উদ্দিন স্বপন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতাকে দেওয়া হয়েছে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে রয়েছেন আব্দুল বারী।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির টেকনোক্র্যাট হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এই মন্ত্রণালয়ে মন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন শামা ওবায়েদ।

প্রজ্ঞাপন অনুযায়ী, এই মন্ত্রণালয়ে বর্তমানে দুজন প্রতিমন্ত্রী দায়িত্ব পেলেন। যদিও নিকট অতীতে কোনো মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী দেখা যায়নি। খলিলুর রহমান আগামী ৮ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন।

গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। এই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে আছেন কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

জাতীয় স্মৃতিসৌধে নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর শ্রদ্ধা