বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত ভুল ছিল, দায় আসিফ নজরুলের: তদন্ত কমিটি
স্ট্রিম প্রতিবেদক

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের না খেলার সিদ্ধান্ত ভুল ছিল উল্লেখ করে এর পেছনে তৎকালীন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সিদ্ধান্তকে দায়ী করেছে মন্ত্রণালয়ের তদন্ত কমিটি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন প্রকাশের পর সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
কমিটির প্রধান ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. এ কে এম ওলি উল্লাহ। অন্য দুই সদস্য হলেন জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফয়সাল দস্তগীর।
জাতীয় ক্রীড়া পরিষদে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিটির সদস্য ব্যারিস্টার ফয়সাল দস্তগীর বলেন, ‘এখানে ওয়ান পারসন বলতে তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকেই বোঝানো হয়েছে।’ তিনি মন্তব্য করেন, সব সংকট মোকাবিলা করে ২০২৬ এর বিশ্বকাপে যাওয়া উচিত ছিল এবং আইপিএলের মতো ঘরোয়া লিগের ঘটনাকে আন্তর্জাতিক আসরে টেনে আনা ঠিক হয়নি।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, পেসার মোস্তাফিজুর রহমানের আইপিএল নিরাপত্তা সংকটকে কেন্দ্র করে ক্রীড়া উপদেষ্টার নির্দেশে বিসিবি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে ম্যাচ শ্রীলঙ্কায় স্থানান্তরের চিঠি দেয়। আইসিসি সূচি বদলাতে রাজি না হওয়ায় গত ১৩ জানুয়ারি মন্ত্রণালয়ের নির্দেশনায় দল পাঠানো বন্ধ থাকে এবং বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে নেওয়া হয়।
প্রতিবেদনে আসিফ নজরুলের বক্তব্য কেন নেওয়া হয়নি—এমন প্রশ্নে কমিটির প্রধান ওলি উল্লাহ বলেন, তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। আইসিসির সঙ্গেও কথা বলা হয়নি বলে স্বীকার করেন ফয়সাল দস্তগীর।
কার বিরুদ্ধে কী ব্যবস্থার সুপারিশ করা হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নে ওলি উল্লাহ বলেন, ‘কে দোষী আমরা তা বলার জন্য বসিনি। এটা সরকারি সিদ্ধান্ত ছিল, দোষ কার আপনারা বুঝে নেন।’
এ সময় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ দেখা দিলে ব্যারিস্টার ফয়সাল ‘আজান দিয়েছে, উই হ্যাভ টু গো’ বলে সংবাদ সম্মেলন শেষ না করেই কক্ষ ত্যাগ করেন।
.png)


-7c29dd-256x144.webp)



