বগুড়ায় কবিরাজি চিকিৎসার নামে স্বর্ণালংকার লুট, গ্রেপ্তার ৩
স্ট্রিম সংবাদদাতাবগুড়া

বগুড়ার গাবতলীতে কবিরাজি চিকিৎসার নামে এক নারীর স্বর্ণালংকার ও নগদ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) এ ঘটনায় মামলা হওয়ার পর ওই রাতেই রংপুরের বদরগঞ্জের কাজীপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বদরগঞ্জের কাজীপাড়া এলাকার শামসুল সরকার ওরফে মন্ত্রী (৩৩), নুরনবী ইসলাম ওরফে নয়ন (২৭) ও শামসুল আলম (২৬)। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন গাবতলী মডেল থানার ওসি রাকিব হোসেন।
এজাহার সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে মাদ্রাসার জন্য কোরআন শরিফ দানের কথা বলে দুই ব্যক্তি গাবতলীর নারুয়ামালা এলাকার কনিকা আক্তারের বাড়িতে যান। কোরআন শরিফ কেনার জন্য তাঁদের ৫০০ টাকা দেন কনিকা। পরে ওই দুজন আরও দুজনকে সঙ্গে নিয়ে এসে তাঁদের মাদ্রাসার ছাত্র পরিচয় দিয়ে পোশাক কেনার জন্য ২ হাজার ১০০ টাকা নেন।
অভিযোগে বলা হয়, গত ৮ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে চারজন কনিকার বাড়িতে গিয়ে তিনি অসুস্থ দাবি করে কবিরাজি চিকিৎসা শুরু করেন। একপর্যায়ে কনিকা অজ্ঞান হয়ে পড়লে তাঁর স্বর্ণালংকার নিয়ে নেন তাঁরা। পরে তাঁকে বলা হয়, সাত দিনের আগে স্বর্ণালংকার দেখা যাবে না। এর আগে দেখতে গেলে চিকিৎসা কাজে আসবে না এবং সংসারে ক্ষতি হবে। একই সময় কবিরাজি চিকিৎসার খরচ বাবদ তাঁর কাছ থেকে আরও ১০ হাজার টাকা নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
ওসি রাকিব হোসেন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার প্রতারক চক্রের সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাঁরা মসজিদ ও মাদ্রাসায় দানের কথা বলে মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করে, পরে বিভিন্ন কৌশলে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
.png)






