শিক্ষা ক্যাডারে বদলিতে বড় পরিবর্তন, ২ বছর না হলে আবেদন নয়

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ১৯: ৪০
শিক্ষা মন্ত্রণালয়

বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি ও পদায়নে নতুন নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন এই নীতিমালায় কর্মকর্তাদের এক কর্মস্থলে অবস্থানের ন্যূনতম সময়সীমা দুই বছর নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে নতুন নীতিমালায় বদলি প্রক্রিয়া সম্পন্ন করতে পদমর্যাদা অনুযায়ী তিন স্তরের পৃথক কমিটি গঠনের কথা বলা হয়েছে।

গতকাল সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ নীতিমালা জারি করা হয়। এতে স্বাক্ষর করেছেন সিনিয়র সচিব আব্দুল খালেক।

নতুন নীতিমালা অনুযায়ী, কোনো কর্মকর্তা চাইলেই যেকোনো সময় বদলির আবেদন করতে পারবেন না। নতুন নিয়োগপ্রাপ্ত প্রভাষকদের ক্ষেত্রে চাকরিতে যোগদানের পর এবং অন্য কর্মকর্তাদের ক্ষেত্রে বর্তমান কর্মস্থলে ন্যূনতম দুই বছর চাকরি পূর্ণ না হওয়া পর্যন্ত বদলির আবেদন করা যাবে না। তবে গুরুতর শারীরিক বা মানসিক অসুস্থতা এবং বিশেষ পারিবারিক সংকটের ক্ষেত্রে উপযুক্ত প্রমাণ সাপেক্ষে এই সময়সীমা শিথিল করার সুযোগ রাখা হয়েছে।

চাকরিজীবী দম্পতিদের সুবিধার্থে নীতিমালায় বলা হয়েছে, স্বামী ও স্ত্রী উভয়ই সরকারি চাকরিজীবী হলে তারা একে অপরের কর্মস্থলের কাছাকাছি বদলির আবেদন করতে পারবেন। সরকার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে।

অবসর প্রস্তুতিমূলক ছুটিতে (পিআরএল) যাওয়ার এক বছর আগে কোনো কর্মকর্তা সুবিধাজনক স্থানে বদলির আবেদন করলে শূন্য পদ থাকা সাপেক্ষে তাকে অগ্রাধিকার দেওয়া হবে।

নীতিমালায় বলা হয়েছে, অসম্পূর্ণ আবেদন বা পিডিএস (পার্সোনাল ডেটা শিট) হালনাগাদ না থাকলে বদলির আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। যেসব কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা বা তদন্ত চলমান এবং বিগত তিন বছরের বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর) সন্তোষজনক নয়, তাদের বদলির আবেদন বিবেচনা করা হবে না।

তিন স্তরের কমিটি

বদলি প্রক্রিয়া সুশৃঙ্খল করতে পদমর্যাদা অনুযায়ী তিনটি পৃথক কমিটি গঠন করার কথা বলা হয়েছে। প্রভাষক ও সহকারী অধ্যাপকদের অঞ্চলভিত্তিক বদলির সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট অঞ্চলের মাউশি পরিচালকের নেতৃত্বাধীন কমিটি।

সহযোগী অধ্যাপকদের বদলির বিষয়গুলো দেখভাল করবে মাউশির মহাপরিচালকের নেতৃত্বাধীন কমিটি। আর সহযোগী অধ্যাপক, অধ্যাপক, দপ্তর ও সংস্থার পদ এবং কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে বদলির সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বা সচিবের নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের কমিটি।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত