আবার বিমানের সরাসরি নারিতা ফ্লাইট চালু

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ১২: ৫৯
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা-নারিতা রুটের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। ছবি: সংগৃহীত

রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট চালু হয়েছে। রোববার (২৬ জুলাই) রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ফ্লাইট উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।

এর মাধ্যমে এক বছরের বেশি বন্ধ থাকার পরে বাংলাদেশ থেকে সরাসরি জাপানের নারিতা যেতে পারছেন যাত্রীরা।

মন্ত্রী বলেন, এবার রুটটি লাভজনক হবে। উদ্বোধনী ফ্লাইটের পাশাপাশি ফিরতি ও পরবর্তী ফ্লাইটগুলোর বুকিং ইতোমধ্যে হয়েছে, যা জাপানপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আগ্রহের প্রতিফলন।

তিনি বলেন, ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট চালু হওয়ায় দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে। অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের নতুন সুযোগ সৃষ্টি হবে।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত বলেন, জাপানে বসবাসরত প্রায় ৪৫ হাজার বাংলাদেশি শিক্ষার্থী, শ্রমিক ও অভিবাসীর সুবিধা বিবেচনায় নিয়ে পুনরায় ফ্লাইটটি চালু করা হয়েছে। ভবিষ্যতে যাত্রী চাহিদা মেটাতে শুধু বোয়িং নয়, বিমান বহরে এয়ারবাস যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

২০২৫ সালের ১ জুলাই ঢাকা-নারিতা ফ্লাইট বন্ধ করেছিল অন্তর্বর্তী সরকার। রোববার রাত ২টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি-৩৭৬) ফ্লাইট আবার নারিতার উদ্দেশে ঢাকা ছাড়ল।

Ad 300x250

সম্পর্কিত