সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

বরিশাল বিশ্ববিদ্যালয়ে তিন দফা সড়ক অবরোধ, ২৫ লাখে সমঝোতা

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধ। সংগৃহীত ছবি

বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে আহত বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্র ইয়াসিন আরাফাতের মৃত্যুতে এক কোটি টাকা ক্ষতিপূরণ দাবিতে সোমবার সন্ধ্যায় বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। প্রায় ছয় ঘণ্টা পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের ২৫ লাখ টাকা আর্থিক সহায়তার আশ্বাসে গভীর রাতে অবরোধ প্রত্যাহার করা হয়।

সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মহাসড়কে তৃতীয় দফা অবস্থান নেন কয়েক শ শিক্ষার্থী। থেমে যায় যান চলাচল। মহাসড়কের দুই পাশে দীর্ঘ সারিতে আটকা পড়ে দূরপাল্লার বাস, ট্রাক, পিকআপ, ব্যক্তিগত গাড়িসহ শত শত যানবাহন। রাত সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে ক্যাম্পাসে ফিরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে সকালে শিক্ষার্থীরা উপাচার্যের কার্যালয়ে অবস্থান নিয়ে প্রক্টরিয়াল বডির দায়িত্বে অবহেলার অভিযোগ তোলেন। তাঁদের দাবি, দুর্ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের তৎপরতায় ঘাটতি ছিল। এ কারণে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা। একই সঙ্গে ইয়াসিনের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবিও পুনর্ব্যক্ত করেন।

বিকেলে প্রশাসনিক ভবনের সামনে ইয়াসিন আরাফাতের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে শিক্ষার্থীরা আবারও আন্দোলনের কর্মসূচি জোরদার করেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ এবং বিআরটিসির প্রতিনিধিদের সঙ্গে শিক্ষার্থীদের একাধিক দফা আলোচনা হয়।

আলোচনা শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইয়াসিনের পরিবারের জন্য ১৮ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেয়। সড়ক ও জনপথ বিভাগ এবং বিআরটিসির পক্ষ থেকে আরও ৭ লাখ টাকা দেওয়ার আশ্বাস দেওয়া হয়। সব মিলিয়ে ২৫ লাখ টাকার সহায়তা, দুর্ঘটনাস্থলের সড়ক সংস্কার এবং শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাস থেকে রুপাতলী পর্যন্ত পরিবহন চালুর প্রতিশ্রুতির পর আন্দোলনকারী শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত নেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মামুন আর রশিদ বলেন, বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী সর্বোচ্চ পাঁচ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়ার বিধান রয়েছে। তবে বিশেষ পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয় ১৮ লাখ টাকার ব্যবস্থা করেছে। এ ছাড়া সড়ক ও জনপথ বিভাগ ও বিআরটিসি আরও সাত লাখ টাকা দেবে। তিনি বলেন, দুর্ঘটনাপ্রবণ সড়ক দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ক্যাম্পাস থেকে রুপাতলী পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পরিবহন চালুর উদ্যোগও নেওয়া হয়েছে।

উল্লেখ্য, রোববার বিকেলে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের দপদপিয়া সেতুর ঢালে একটি বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন ইয়াসিন আরাফাত। তাঁকে প্রথমে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত