
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিচারব্যবস্থার সামনে নতুন ধরনের চ্যালেঞ্জ তৈরি করছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। এআইয়ের প্রভাব ও অপব্যবহার থেকে বিচারব্যবস্থাকে সুরক্ষিত রাখতে বিচারকদের এআই সম্পর্কে সচেতন হওয়া এবং নিজস্ব প্রজ্ঞা ও বিচারিক বিচক্ষণতা প্রয়োগের আহ্বান জানান তিনি।
আজ বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর এশিয়াটিক সোসাইটি মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি ছিল ‘বাংলাদেশ এআই গভর্নেন্স সামার স্কুল ২০২৬’ শীর্ষক পাঁচ দিনব্যাপী নির্বাহী প্রশিক্ষণের সমাপনী পর্ব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ এই কর্মসূচির আয়োজন করে। এতে সহযোগিতায় ছিল ‘লিগ্যালাইজড এডুকেশন বাংলাদেশ’ ও ‘দ্য সোসাইটি ফর জাস্টিস অ্যান্ড এআই’।
আইনমন্ত্রী বলেন, বাংলাদেশসহ গোটা বিশ্ব এআই যুগে প্রবেশ করেছে। কিন্তু এআই ব্যবহারের ঝুঁকি এবং এর জন্য প্রয়োজনীয় নিয়ন্ত্রণ কাঠামো এখনো যথাযথভাবে গড়ে ওঠেনি। কোনো বিচারককে এআইয়ের মাধ্যমে প্রভাবিত বা বিভ্রান্ত করার চেষ্টা করা হলে তার প্রভাব বিচারিক সিদ্ধান্তের ওপর পড়তে পারে। তাই বিচারকদের সবার আগে এআই সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন।
তিনি বলেন, সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়ার ক্ষেত্রে কোনো তথ্য বা উপাদান এআই-নির্ভর কি না, সে বিষয়টিও সতর্কতার সঙ্গে বিবেচনা করতে হবে। যথাযথ আইন ও নিয়ন্ত্রণ কাঠামো প্রণয়ন না হওয়া পর্যন্ত বিচারকদের নিজস্ব প্রজ্ঞা ও বিচারিক বিচক্ষণতা প্রয়োগ করতে হবে।
আইনমন্ত্রী আরও বলেন, এআই নিষিদ্ধ করার কোনো চিন্তা সরকারের নেই। বরং এআইয়ের ইতিবাচক ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি এর অপব্যবহার যাতে না হয়, সে বিষয়ে সরকার সতর্ক থাকবে।
এআই নিয়ন্ত্রণে আইন প্রণয়নের উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, নতুন নতুন প্রযুক্তি ও পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আইন ও নীতিমালাকে যুগোপযোগী করা প্রয়োজন। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, শিক্ষক, গবেষক ও পেশাজীবীদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। গঠনমূলক সমালোচনা ও মতামতের মাধ্যমে একটি কার্যকর ও গ্রহণযোগ্য আইন প্রণয়ন করা সম্ভব।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার তাসনুভা শেলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ একরামুল হক ও আইন বিভাগের অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান প্রমুখ।
.png)

বোতলজাত সয়াবিন তেলের দাম আবার বেড়েছে। প্রতি লিটার সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ২০৪ টাকা, যা আগে ছিল ১৯৯ টাকা। তবে, খোলা সয়াবিন তেল ও পাম তেলের বিদ্যমান দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
৯ মিনিট আগে
ঢাকা থেকে কুড়িগ্রাম যাওয়ার পথে ট্রেনের ক্যান্টিনে এক নারীকে ধর্ষণের অভিযোগে চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তাদের পাকশী রেলওয়ে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এঘটনায় গ্রেপ্তার আবু বক্কর সিদ্দিককে (২২) কারাগারে পাঠানো হয়েছে। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সান্তাহার রেলওয়ে থানার ওসি।
১২ মিনিট আগে
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ধউর মোড় থেকে আশুলিয়া পর্যন্ত দুটি সার্ভিস সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে আশুলিয়ার ধউর এলাকায় সেতু দুটির উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল ইসলাম। দুই লেনের প্রতিটি সেতুর দৈর্ঘ্য ৩ দশমিক ১৭ কিলোমিটার।
৪৪ মিনিট আগে
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে ঘুষ গ্রহণ, নিয়োগ-বদলি বাণিজ্যসহ একাধিক অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এজন্য চার সদস্যের অনুসন্ধান দল গঠন করেছে সংস্থাটি।
২ ঘণ্টা আগে