
টানা ২৫০ দিন সাগরে থাকার পর থাইল্যান্ডের পাতায়ায় ভিড়েছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন। দীর্ঘদিন পর জাহাজটির প্রায় ৫ হাজার নাবিক ও সদস্য এবার কিছুটা বিশ্রামের সুযোগ পাচ্ছেন।
পাতায়া থাইল্যান্ডের জনপ্রিয় উপকূলীয় পর্যটন শহর। রাতের বিনোদন ও যৌন পর্যটনের জন্য শহরটির পরিচিতি রয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে পাতায়ার সম্পর্কও বেশ পুরোনো। ভিয়েতনাম যুদ্ধের সময় বিশ্রাম ও বিনোদনের জন্য কয়েক লাখ মার্কিন সেনা এখানে এসেছিল।
তখনকার শান্ত জেলেপল্লি পাতায়া পরে বিশ্বের অন্যতম ব্যস্ত পর্যটন ও বিনোদনকেন্দ্রে পরিণত হয়।
এখন অবশ্য শহরের চিত্র কিছুটা ভিন্ন। সমুদ্রসৈকতের দিকে যাওয়া নিয়ন আলোয় সাজানো গলিগুলো স্বাভাবিক সময়ের তুলনায় বেশ শান্ত। বিখ্যাত ওয়াকিং স্ট্রিটের বারগুলোতে গ্রাহক টানতে নাচের ভিডিও দেখানো হচ্ছে। কিন্তু সেখানে আগের মতো ভিড় নেই।

বর্তমানে শহরে আসা পর্যটকদের বড় একটি অংশ মধ্যপ্রাচ্যের। তাদের অনেকেই গো-গো বারের (এক ধরনের নৈশক্লাব) বদলে তুর্কি আইসক্রিম বিক্রেতাদের প্রতি বেশি আগ্রহ দেখাচ্ছেন।
ইরান যুদ্ধের কারণে পাতায়ার পর্যটন ব্যবসাগুলোতেও প্রভাব পড়েছে। এমন পরিস্থিতিতে প্রায় ৫ হাজার মার্কিন নাবিকের আগমন স্থানীয় ব্যবসায়ীদের জন্য বড় সুযোগ হয়ে উঠেছে। দীর্ঘ সময় সাগরে থাকার কারণে তাদের প্রায় ৯ মাসের বেতনও খরচ হয়নি।
যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক থাকায় মার্কিন নৌবাহিনীর জাহাজ আসা নতুন কিছু নয়। থাই কর্তৃপক্ষ মার্কিন নাবিকদের জন্য কিছু বিধিনিষেধও দিয়েছে। তাদের শহরের কয়েকটি এলাকায় যেতে দেওয়া হবে না। এর মধ্যে রয়েছে সোই ৬ (প্রাপ্ত বয়স্কদের বিনোদনের জন্য এলাকা), যেখানে অনেক গো-গো বার রয়েছে।
থাইল্যান্ডে পতিতাবৃত্তি আইনত নিষিদ্ধ— মার্কিন নাবিকদের সে কথা মনে করিয়ে দিয়েছে পুলিশ। তবে পাতায়ায় ২৫ হাজার থেকে ৫০ হাজার যৌনকর্মী রয়েছেন বলে ধারণা করা হয়। তাদের অনেকেই সোই ৬ এলাকায় কাজ করেন।
পাতায়ার গাঁজার দোকানেও মার্কিন নাবিকদের যেতে দেওয়া হবে না। প্যারাগ্লাইডিং ও জেট-স্কির মতো সামুদ্রিক খেলাধুলাও তাদের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
পাতায়ার মেয়র পোরামাসে এনগামপিচেস বলেন, মার্কিন সামরিক বাহিনী এ বিষয়ে আগে থেকেই প্রস্তুতি নিয়েছে।
মার্কিন নাবিকদের শহরে যাতায়াতের জন্য শাটল বাসের ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিন ভোর ৫টা থেকে রাত ২টা পর্যন্ত এসব বাস চলবে।
রাতে শহরে থাকতে চান এমন মার্কিন নাবিকদের জন্য দুটি হোটেলও নির্ধারণ করা হয়েছে।
শহরের বিনোদন এলাকাগুলোতে নিরাপত্তা দিতে শত শত পুলিশ সদস্য মোতায়েন করেছে দেশটির কর্তৃপক্ষ। স্থানীয় ব্যবসায়ীদের অতিথিদের থেকে অতিরিক্ত দাম না নেওয়ার বিষয়েও সতর্ক করা হয়েছে।

ওয়াকিং স্ট্রিটের কাছে জুয়েলারির দোকান চালান আনন সাইতির। মার্কিন নাবিক ও মেরিনদের স্বাগত জানিয়ে তিনি দোকানের সামনে বড় একটি সাইনবোর্ড লাগিয়েছেন এবং বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছেন।
আনন বলেন, এটি আমাদের জন্য বড় একটি সুযোগ। আমাদের হারানোর কিছু নেই। আমরা শুধু আশা করছি, তারা এখানে কিছু অর্থ খরচ করবেন।
পাতায়ার মেয়র পোরামাসে বলেন, কয়েক দশক আগে মার্কিন সামরিক সদস্যদের আগমন শহরটিকে বিশ্বজুড়ে পরিচিত করে তুলেছিল। এখন পাতায়ার অনেক পরিবর্তন হয়েছে। বার ও রাতের বিনোদনের পাশাপাশি শহরে খেলাধুলা, সেমিনার, সুস্থতা এবং পরিবারবান্ধব নানা আয়োজনও রয়েছে।
দুই দেশই আশা করছে, ইউএসএস আব্রাহাম লিংকনের নাবিকেরা ৬ সেপ্টেম্বর ক্লান্তি কাটিয়ে সতেজ হয়ে যুক্তরাষ্ট্রে ফিরবেন।
সূত্র: বিবিসি
.png)

তুরস্কের ইস্তাম্বুলের কাছে মারমারা সাগরে দেশটির পতাকাবাহী দুটি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষ হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) ভোরে এ দুর্ঘটনার পর একটি জাহাজের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলে জানিয়েছে ইস্তাম্বুলের গভর্নরের কার্যালয়।
৪ ঘণ্টা আগে
নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ১ হাজার ১১৮ হয়েছে। এখনো ৩ হাজার ৯০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। তবে নিখোঁজ থাকা কয়েকজন পর্যটক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন। উদ্ধার তৎপরতা এখনো চলছে।
৬ ঘণ্টা আগে
ভারতের তেলেঙ্গানা রাজ্যের সেকেন্দ্রাবাদ ক্যান্টনমেন্ট থেকে ১২টি অস্ত্র চুরি গেছে। চুরি হওয়া অস্ত্রের মধ্যে ৪টি একে-২০৩ রাইফেল, ৭টি পিস্তল ও ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ১টি অ্যাসল্ট রাইফেল। এ ছাড়া এক হাজারের বেশি গুলি এবং এক জোড়া নাইট-ভিশন দূরবীনও চুরি হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা সূত্র।
৭ ঘণ্টা আগে
হরমুজ প্রণালির পাশে দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরাক, বাহরাইন, কুয়েত ও জর্ডানে পাল্টা হামলা চালিয়েছে দেশটি।
৯ ঘণ্টা আগে