কিশোরগঞ্জে পাউবো প্রকৌশলীর ওপর সিবিএ নেতাদের হামলার অভিযোগ

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
কিশোরগঞ্জ

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০: ৩৩
কিশোরগঞ্জে হামলায় আহত পাউবো উপসহকারী প্রকৌশলী মাহমুদুল ইসলাম। সংগৃহীত ছবি
কিশোরগঞ্জে হামলায় আহত পাউবো উপসহকারী প্রকৌশলী মাহমুদুল ইসলাম। সংগৃহীত ছবি

কিশোরগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কার্যালয়ে ঢুকে শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের (সিবিএ) নেতারা উপসহকারী প্রকৌশলীর ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে আহত প্রকৌশলী মাহমুদুল ইসলাম উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে গাইটাল শিক্ষকপল্লী এলাকায় জেলা পাউবো কার্যালয়ে এ ঘটনা ঘটে। ওই ঘটনায় চারজনের নাম উল্লেখ করে কিশোরগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী প্রকৌশলী।

অভিযুক্তরা হলেন জেলা পাউবোর সিবিএ সভাপতি সোয়াইব আহমেদ, সাধারণ সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক, সদস্য মো. জাকির হোসেন ও ইসতিয়াক আহমেদ।

অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে সিবিএ নেতারা সংগঠনের এক কেন্দ্রীয় নেতার সংবর্ধনার জন্য প্রকৌশলী মাহমুদুল ইসলামের কাছে চাঁদা দাবি করেন। এ নিয়ে বিরোধের জেরে বুধবার দুপুরে অভিযুক্তরা তার অফিস কক্ষে ঢুকে হামলা চালান।

তবে হামলার অভিযোগ অস্বীকার করে সিবিএ সভাপতি সোয়াইব আহমেদ বলেন, প্রকৌশলী মাহমুদুল ইসলাম এর আগে খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করেছেন। এ বিষয়ে জানতে তার কক্ষে যান তারা। এ সময় প্রকৌশলী তাকে চড় মারলে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়।

কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবুল কালাম বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত