
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কোনো ‘বট বাহিনী’ পরিচালনা করে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তবে বট বাহিনীর মাধ্যমে কেউ অসত্য তথ্য ছড়ালে তা ফ্যাক্ট চেকিংয়ের আওতায় আসবে বলে জানান তিনি।
বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে শেরপুর-১ আসনের জামায়াতের সংসদ সদস্য মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সরকারি ফ্যাক্ট চেকিং ব্যবস্থাকে ‘ফ্যাক্ট চেকের বদলে গভর্নমেন্ট চেক’ বলে মন্তব্য করে রাশেদুল ইসলাম বলেন, গত ছয় মাসে বিএনপিকে নিয়ে ৬০টি, জামায়াতে ইসলামীকে নিয়ে ১২টি এবং এনসিপিকে নিয়ে চারটি ফ্যাক্ট চেক করা হয়েছে। কোনো সরকারি প্রতিষ্ঠান কোনো বক্তব্যকে মিথ্যা বা অপপ্রচার হিসেবে চিহ্নিত করলে রাজনৈতিক পক্ষপাত ও স্বার্থের সংঘাতের আশঙ্কা থাকে বলেও মন্তব্য করেন তিনি।
জবাবে তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো বট বাহিনী পরিচালনা করে না। বট বাহিনী যদি অসত্য তথ্য প্রচার করে, সেটি অবশ্যই ফ্যাক্ট চেকিংয়ের আওতায় আসবে। বিএনপি যেহেতু এ ধরনের বট বাহিনী পরিচালনা করে না, তাই অন্যান্য দলের তুলনায় বিএনপিকে নিয়ে ফ্যাক্ট চেকের সংখ্যা বেশি হয়েছে।’
তিনি বলেন, অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য ঠেকাতে স্বয়ংক্রিয়ভাবে ফ্যাক্ট চেকিংয়ের জন্য একটি প্রকল্প নেওয়া হয়েছে। ম্যানুয়াল পদ্ধতির পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে ফ্যাক্ট চেকিংয়ের ব্যবস্থা চালুর উদ্যোগের কথাও জানান তিনি।
তথ্য অধিদপ্তর বা পিআইডির মাধ্যমে ইতোমধ্যে সমন্বিত তথ্য যাচাই কাঠামো গড়ে তোলা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন প্রতিরোধে বিভিন্ন দেশে নেওয়া পদক্ষেপও পর্যালোচনা করছে সরকার।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থের অনুপস্থিতিতে এদিন সংসদ সদস্যদের প্রশ্নের উত্তর দেন ইয়াসের খান।
এদিন নোয়াখালী-৬ আসনের এনসিপির সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ সরকার বা মন্ত্রী ও তাদের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর তা সরিয়ে নেওয়ার কয়েকটি ঘটনার কথা তুলে ধরে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলেন।
জবাবে তথ্য প্রতিমন্ত্রী বলেন, অতীতের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে গণমাধ্যম ও বাকস্বাধীনতা সবচেয়ে বেশি রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সরকার গণমাধ্যমকে কোনো ধরনের নিয়ন্ত্রণ করতে চায় না এবং করছে না বলেও দাবি করেন তিনি।
কোন সংবাদ প্রকাশ বা সরিয়ে নেওয়া হবে, সেটি সংবাদমাধ্যমের নিজস্ব সিদ্ধান্ত উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে সরকারের কোনো হস্তক্ষেপ নেই। কোনো সংবাদ প্রকাশের পর তা সঠিক নয় বা প্রকাশ করা উচিত হয়নি বলে মনে হলে সংশ্লিষ্ট সংবাদমাধ্যম তা সরিয়ে নিতে পারে।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা জেসমিন সাংবাদিকদের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন তুললে তথ্য প্রতিমন্ত্রী বলেন, একজন ব্যক্তির রাজনৈতিক দর্শন বা আদর্শ থাকতে পারে। তবে সাংবাদিকতার ক্ষেত্রে সাংবাদিকদের নিরপেক্ষ ভূমিকা পালন করা উচিত।
তিনি জানান, প্রেস কাউন্সিল সংশোধন আইন, ২০২৬-এর খসড়ায় সাংবাদিকতার জন্য ন্যূনতম যোগ্যতা নির্ধারণ এবং প্রেস কাউন্সিলের অধীনে পেশাগত নিবন্ধনের বিধান রাখার প্রস্তাব করা হয়েছে। বার কাউন্সিলের আদলে সাংবাদিকদের নিবন্ধনের ব্যবস্থাও বিবেচনায় রয়েছে।
এদিকে কুমিল্লা-৪ আসনের এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ অনলাইন সংবাদমাধ্যমকে প্রেস কাউন্সিলের আওতায় আনার বিষয়টি উত্থাপন করেন। তিনি বলেন, বিদ্যমান আইনে ছাপা সংবাদ নিয়ে প্রেস কাউন্সিলে অভিযোগ করা গেলেও অনলাইন সংস্করণে প্রকাশিত সংবাদ নিয়ে একইভাবে অভিযোগ করার সুযোগ নেই।
জবাবে তথ্য প্রতিমন্ত্রী বলেন, শুধু বিরোধী দলের সদস্যরাই নয়, সরকারি দলের সদস্য, প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারসহ বিভিন্ন ব্যক্তিও অপতথ্যের শিকার হচ্ছেন। এসব বিষয়ে সরকার পদক্ষেপ নিচ্ছে।
তিনি বলেন, প্রেস কাউন্সিলকে নতুনভাবে সাজানোর কাজ চলছে। অনলাইন সংবাদমাধ্যমগুলোকে এর আওতায় আনার বিষয়টিও বিবেচনায় রয়েছে এবং এ প্রক্রিয়া দ্রুত শেষ করার চেষ্টা করছে সরকার।
.png)

বিদ্যুৎ ও গ্যাসের অভাবে দেশের মানুষ কষ্টে আছে বলে সংসদে দেওয়া বক্তব্যে স্বীকার করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় বর্তমান পরিস্থিতির জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন তিনি।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নুরুল ইসলামের (৫৫) মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে কারাগারের ভেতরে হৃদ্রোগে আক্রান্ত হন। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ এ তথ্য জানিয়েছেন
১ ঘণ্টা আগে
অর্থ সংকটের কারণে বাংলাদেশ সরকার শুধু জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ছাড়পত্রধারী প্রবাসীর লাশ বিনা খরচে দেশে আনে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের তৃতীয় দিনে বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত ১০টি গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটি আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছে। সরকারি দলের চিফ হুইপ নূরুল ইসলাম মনির প্রস্তাবক্রমে এই কমিটিগুলো গঠন করা হয়।
১ ঘণ্টা আগে