মেসে জবি ছাত্রের লাশ, চিরকুটে ‘দৃষ্টিশক্তি নিয়ে দুশ্চিন্তা’
স্ট্রিম সংবাদদাতাজগন্নাথ বিশ্ববিদ্যালয়

রাজধানীর চাঁনখারপুলের পি কে গাঙ্গুলি লেনের একটি মেস থেকে অনিক পাল (২১) নামের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর কক্ষ থেকে উদ্ধার হওয়া চিরকুটে অসুস্থতা ও দৃষ্টি শক্তি হারানোর শঙ্কার কথা উল্লেখ আছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অনিক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ত্রিমাত্রিক ও নকশা বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের তাহিরপুরে। পরিবারের সদস্যরা সিলেটের শিবগঞ্জ এলাকায় ভাড়া বাসায় থাকেন।
ঘটনাস্থলে থাকা জয় ভূঁইয়া জানান, রাত ৯টার দিকে অনিকের এক বন্ধু ফোনে না পেয়ে মেসে তার কক্ষে খোঁজ নিতে বলেন। পরে তিনি ও বাসার আরেক সদস্য দীর্ঘক্ষণ দরজায় কড়া নাড়লেও কোনো সাড়া পাননি। একপর্যায়ে জানালার কাচ দিয়ে ভেতরে তাকিয়ে তাকে গলায় গামছা পেঁচানো অবস্থায় ফ্যানের সঙ্গে ঝুলতে দেখেন।
তিনি বলেন, পরে দরজা ভেঙে অনিককে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ত্রিমাত্রিক ও নকশা বিভাগের সহকারী অধ্যাপক সুবাস পাল বলেন, ‘শিক্ষার্থীরা আমাকে ঘটনা জানানোর কিছুক্ষণের মধ্যেই আমি ঢাকা মেডিকেলে পৌঁছাই। কিন্তু ততক্ষণে অনিক আর বেঁচে ছিল না।’
তিনি আরও বলেন, পরিবারের সদস্যরা আসার পর হাসপাতাল ও থানার প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হবে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ বিষয়ে বংশাল থানার ওসি আশিক ইকবাল স্ট্রিমকে বলেন, ‘প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে।’
ওসি আরও জানান, অনিকের কক্ষ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে তার শারীরিক অসুস্থতা নিয়ে উদ্বেগের কথা লেখা রয়েছে। তিনি লিখেছেন চোখে ভালো দেখতে পেতেন না এবং ভবিষ্যতে দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় দুশ্চিন্তায় ছিলেন।
.png)
-40e58c.jpeg)





