
বান্দরবানের থানচির মিয়ানমার সীমান্তঘেঁষা রেমাক্রী ইউনিয়নের বড় মদক গ্রামে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্ব) অন্তত ১০ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে থুইনু প্রু (৩০) নামে এক নারী মারা গেছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের সদস্য ও বড় মদক গ্রামের বাসিন্দা চিংসাথুই মারমা এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দুর্গম সীমান্তবর্তী এলাকায় বিশুদ্ধ পানির সংকট রয়েছে। ডায়রিয়ায় আক্রান্তদের চিকিৎসায় প্রয়োজনীয় ওষুধ ও স্যালাইনের সংকট দেখা দিয়েছে।
বড় মদক বাজারের দুটি ফার্মেসিতে কলেরা স্যালাইন (ওআরএস) ও প্রয়োজনীয় ওষুধ না থাকায় আক্রান্ত রোগীদের তাৎক্ষণিক চিকিৎসা দিতে সমস্যায় পড়ছেন স্বজনেরা।
স্থানীয় বাসিন্দা চসিংমং মারমা জানান, মদক ঝিরির ময়লা-আবর্জনাযুক্ত পানি ব্যবহারে এমন পরিস্থিতির সৃষ্টি হয়ে থাকতে পারে।
থানচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওয়াহিদুজ্জামান মুরাদ জানান, বড় মদক এলাকায় ডায়রিয়ার রোগী বৃদ্ধির খবর রেমাক্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুইশৈথুই মারমা রনি তাঁকে জানিয়েছেন। ইতোমধ্যে পর্যাপ্ত ওআরএস, প্রয়োজনীয় ওষুধ, পানিশোধন ট্যাবলেটসহ চিকিৎসকদল পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, বিজিবির ৩৮ ব্যাটালিয়ন ও ৫৭ ব্যাটালিয়নের অধিনায়কদের সঙ্গে বিষয়টি সমন্বয় করছেন তাঁরা। প্রয়োজনে দ্রুত চিকিৎসাসেবা পৌঁছে দিতে হেলিকপ্টারের ব্যবহার করা হবে।
.png)






