কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১৩২

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

কলম্বিয়ার কালি শহরে ভূমিকম্পে ধসে পড়া ভবনে তল্লাশি চালাচ্ছেন স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকর্মীরা। ছবি: এপি নিউজ

কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৩২ হয়েছে। আহত হয়েছেন অন্তত ৫৭০ জন। এখনো শত শত মানুষ নিখোঁজ রয়েছেন। ধসে পড়া ভবনে আটকা পড়ে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (১০ আগস্ট) মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল রাজধানী বোগোতা থেকে প্রায় ৪০০ কিলোমিটার পশ্চিমে চোকো অঞ্চলের সান হোসে দেল পালমার এলাকায়। এর গভীরতা ছিল ১০৭ কিলোমিটার। এর পর কয়েক ঘণ্টায় অন্তত ২১টি ‘আফটার শক’ অনুভূত হয়।

দেশটির কালি, পেরেইরা, কুইবদো ও মানিজালেস শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, কালিতে অন্তত ২০টি ভবন ধসে পড়েছে। এছাড়া অন্তত ৩৮০ টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ধসে পড়া ভবনগুলোর নিচে অনেক মানুষ আটকা পড়েছেন। উদ্ধারকর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারে অংশ নিচ্ছেন।

সোমবার বিকেলের মধ্যে মানুষ ডিজিটাল ডেটাবেসে তাদের নিখোঁজ স্বজনদের নাম জানাতে শুরু করেন। এর মধ্যে একটি ডেটাবেসে ১,৪০০-এর বেশি মানুষের নাম ছিল। যাদের বেশিরভাগই কালি ও পেরেইরার। সংখ্যাটি ক্রমেই বাড়ছিল।

দেশটির চোকোর বিভাগের কুইবদো কমিউনিটি নেতা লুইস গ্রেগোরিও মোরেনো এএফপিকে বলেন, আমরা সবাই বিধ্বস্ত। অনেক মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। সবচেয়ে বেশিসংখ্যক মানুষ নিখোঁজ রয়েছে।

কলম্বিয়ান জিওলজিক্যাল সার্ভিস জানিয়েছে, এটি চলতি শতাব্দীতে দেশটিতে রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। দেশটি প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর ওপর অবস্থিত হওয়ায় ছোটখাটো ভূমিকম্প সেখানে নিয়মিত ঘটে।

ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্র ১৫ দশমিক ৫ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে। এল সালভাদর, মেক্সিকো, চিলি, ইসরায়েল, ইকুয়েডর ও ফ্রান্স কলম্বিয়াকে সহায়তার প্রস্তাব দিয়েছে।

সূত্র: আলজাজিরা, সিএনএন

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত