দিনে ১০ খুন সরকারের ব্যর্থতার সাক্ষী: চরমোনাই পীর

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

ইসলামী আন্দোলনের জেলা প্রতিনিধি সম্মেলনে সভাপতির বক্তব্য দেন চরমোনাই পীর ও দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।  সংগৃহীত ছবি
ইসলামী আন্দোলনের জেলা প্রতিনিধি সম্মেলনে সভাপতির বক্তব্য দেন চরমোনাই পীর ও দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। সংগৃহীত ছবি

ছয় মাসে হাজার হাজার মানুষ বেকার এবং দিনে গড়ে ১০ জন খুন হওয়া সরকারের ব্যর্থতারই সাক্ষ্য দেয় বলে মন্তব্য করেছেন চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

আজ শনিবার (২৯ আগস্ট) রাজধানীর বিএমএ মিলনায়তনে অনুষ্ঠিত ইসলামী আন্দোলনের জেলা প্রতিনিধি সম্মেলনে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, নির্বাচনের আগে বিএনপি নেতৃত্ব অনেক আশার বাণী শুনিয়েছিল। বিএনপি সরকার গঠনের পরে ছয় মাস চলে গেছে, কিন্তু তাদের দেয়া কোনো প্রতিশ্রুতি বাস্তবে রূপ পাওয়ার ন্যূনতম লক্ষণও প্রকাশ পায় নাই। বরং অধিকাংশ ক্ষেত্রে পরিস্থিতি আরো নাজুক হয়েছে।

চরমোনাই পীর বলেন, গত ছয়মাসে শুধু আরএমজি খাতেই বেকার হয়েছে ২০ হাজারের মতো মানুষ, প্রতিদিন গড়ে ১০ জন করে মানুষ খুন হচ্ছে, লোডশেডিং মাত্রা ছাড়িয়েছে, জ্বালানি সংকটে দেশের স্থিতিশীলতা প্রশ্নের মুখে পড়েছে। সার্বিকভাবে সরকারের প্রথম ছয় মাস সরকারের ব্যর্থতার সাক্ষ্য দেয়।

তিনি সরকারকে পরামর্শ দিয়ে বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন, লোডশেডিং কমান, জ্বালানি সংকট সমাধান করুন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন। অন্যথায় মানুষের ক্ষোভ সীমা স্পর্শ করতে পারে।

সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, সংস্কারের বিষয়ে আমরা বারংবার বলে আসছি। কিন্তু এই বিষয়ে সরকারের ভূমিকা হতাশাজনক। জুলাই সনদে রাষ্ট্রপতি নির্বাচনসংক্রান্ত বিষয়ে জাতীয় ঐকমত্য তৈরি হয়েছিল। সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনে সেই সর্বসম্মত বিষয়টিও অনুসরণ করা হয়নি।

সংস্কারের অন্য বিষয়গুলোতে সরকার রীতিমতো বিরুদ্ধ অবস্থান নিয়েছে জানিয়ে তিনি সতর্ক করে বলেন, যদি সরকার সংস্কার না করে তাহলে যে ভয়াবহ পরিনতির আশঙ্কা তৈরি হবে, তার দায় সরকারকে নিতে হবে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত