সত্য তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জামায়াত আমিরের

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ২৩: ০৬
সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ে জামায়াত আমির। ছবি: সংগৃহীত
সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ে জামায়াত আমির। ছবি: সংগৃহীত

সাংবাদিকদের সত্য তুলে ধরার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি দেশের গণতন্ত্রের উত্তরণে জাতীয় দৈনিকের সম্পাদকদের কাছে দায়িত্বশীল ভূমিকা ও সহযোগিতা চেয়েছেন।

সোমবার (২৪ আগস্ট) জাতীয় পত্রিকার সম্পাদকদের সঙ্গে মতবিনিময়কালে এই আহ্বান জানান জামায়াত আমির। রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এই মতবিনিময় সভা হয়। মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

পরে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সম্পাদকদের লেখনীর মাধ্যমে সত্য তুলে ধরার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেছেন, গণতন্ত্রের উত্তরণে আপনারা দায়িত্বশীলতার সঙ্গে সহযোগিতা করবেন। জামায়াত সংসদকে গঠনমূলক পন্থায় কার্যকর রাখতে চায়। এজন্য সরকারকেও দায়িত্বশীল হতে হবে। শুধু বিরোধী দল এটি করতে পারবে না।’

মতবিনিময় পরবর্তী ব্রিফিংকালে গোলাম পরওয়ার বলেন, ‘অতীতে প্রচলিত ও প্রথাগত বিরোধী দলের যে খারাপ অনুশীলন ছিল, সেই প্রথা ভেঙে দিয়ে দেশের সামগ্রিক স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে সরকারের ভালো কাজে সহযোগিতা এবং সব অন্যায় ও গণবিরোধী কাজের প্রতিরোধ করতে জামায়াত যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, তা সম্পাদকদের সামনে তুলে ধরেছেন জামায়াত আমির।’

তিনি আরও বলেন, জামায়াত বিদ্যুৎ, তেল ও গ্যাস সংকট, গণভোটের গণরায় কার্যকর করার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার ও প্রবাসীদের অধিকার রক্ষায় ভূমিকা পালন করছে। কিন্তু তারপরও স্পিকারের পক্ষ থেকে তারা ইনসাফপূর্ণ আচরণ পাননি, বরং বৈষম্যের শিকার হয়েছেন। এসব বিষয় আমীরে জামায়াত তুলে ধরেছেন।

মতবিনিময় সভায় সম্পাদকদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, যায়যায়দিনের সম্পাদক শফিক রেহমান, মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ, বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, নয়াদিগন্তের সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর, ডেইলি ওয়াদার সম্পাদক শফিকুল আলম, ইনকিলাবের এ এম এম বাহাউদ্দীন, প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মারুফ কামাল খান, মানবকণ্ঠের সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম, কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা, দৈনিক আজকের পত্রিকার সম্পাদক কামরুল হাসান, আগামীর সময়ের সম্পাদক মোস্তফা মামুন প্রমুখ।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত